কেন্দ্রীয় কারাগারের দুই বন্দীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

মরদেহপ্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের দুই বন্দীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে আবদুল মাবুদ (৫৮) নামের একজন হাজতি ও আবদুল বারেক (৭০) নামের একজন কয়েদি ছিলেন।

আজ রোববার দুপুরে কারা কর্তৃপক্ষের নির্দেশে অসুস্থ আবদুল মাবুদকে কারারক্ষী সাইফুল ইসলামসহ কয়েকজন কারারক্ষী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১২টা ২৫ মিনিটে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, আবদুল মাবুদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তিনি কোন মামলায় বন্দী ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ থানার হামিমপুর গ্রামে। তাঁর বাবার নাম আবদুল সোবাহান।

অন্যদিকে অসুস্থ কয়েদি আবদুল বারেককে গতকাল শনিবার কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে তাঁর মৃত্যু হয়।

পরিদর্শক মো. হাবিবুর রহমান আবদুল বারেকের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেন। তিনি বলেন, তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা যায়, আবদুল বারেক হত্যা মামলায় বন্দী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়।