মাদক মামলায় পুলিশ সদস্যের ১৫ বছরের কারাদণ্ড
মাদক মামলায় এক পুলিশ সদস্যকে (বরখাস্ত) ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে সপ্তম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত পুলিশ সদস্যের নাম আবুল বাশার। তিনি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে সংযুক্ত ছিলেন।
সরকারি কৌঁসুলি স্বরূপ পাল প্রথম আলোকে বলেন, আদালত আসামিকে ১৫ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১৮ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় একটি মোটরসাইকেলে তল্লাশি অভিযান চালায় র্যাব। সেখানে ৩১ হাজার ৮০০ ইয়াবা পাওয়া যায়। মোটরসাইকেলটি চালিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন পুলিশ সদস্য আবুল বাশার।
ওই ঘটনায় জোরারগঞ্জ থানায় করা মামলায় তদন্ত শেষে পুলিশ ২০১৯ সালের ৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয় আবুল বাশারের বিরুদ্ধে। ২০২১ সালের ৭ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।