কোচিং নিয়ন্ত্রণে কিছু পলিসি চিহ্নিত, শিগগির পাইলটিং: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, কোচিং বাণিজ্যের বিরুদ্ধে সরকারের শক্ত অবস্থান রয়েছে। কোচিং নিয়ন্ত্রণে বেশ কিছু ইনোভেশন বা পলিসি চিহ্নিত করা হয়েছে, যার মাধ্যমে শিগগির পাইলটিং (পরীক্ষামূলক প্রয়োগ) শুরু করা হবে।
আজ শনিবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকার পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
বৃত্তি পরীক্ষাকে কেন্দ্র করে কোচিং বাণিজ্যের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা গ্রহণের বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘কোচিং বাণিজ্যের বিরুদ্ধে সরকারের শক্ত অবস্থান। শুধু বৃত্তি (ঘিরে) না, সার্বিকভাবে কোচিং আমাদের সমাজে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে। এটি একটি বড় সমস্যা। কোচিং নিয়ন্ত্রণ করার জন্য বেশ কিছু ইনোভেশন বা পলিসি চিহ্নিত করা হয়েছে, যার মাধ্যমে খুব শিগগিরই পাইলটিং শুরু হবে।’
তবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা–সংক্রান্ত কোচিং নিয়ে এখনো বড় কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান ববি হাজ্জাজ।
প্রতিমন্ত্রী বলেন, এবারের বৃত্তি পরীক্ষাটি গত বছর তৎকালীন অন্তর্বর্তী সরকারের সময়ে সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু কোনো কারণে পরীক্ষাটি তারা নিতে পারেনি। বৃত্তি পরীক্ষা শিক্ষার্থী ও অভিভাবকদের পাঠ্যক্রমে উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। শিক্ষার্থীদের উৎসাহিত করার এই প্রক্রিয়াটি বাদ দিতে চান না। তাই তাঁরা দায়িত্ব নেওয়ার পরেই বৃত্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেন এবং বাস্তবায়ন করেন। আগামী বছরগুলোতে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ববি হাজ্জাজ জানান, ভবিষ্যতে বৃত্তি পরীক্ষার নীতিমালা, কতজন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করতে পারবে এবং বৃত্তির পরিমাণ কত হবে, তা পুনর্বিবেচনা করার পরিকল্পনা রয়েছে।
বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যালয়ের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। সরকার অনেকগুলো উন্নয়ন প্রকল্প যেমন—দৃষ্টিনন্দন প্রকল্প ও পিইডিপি-৫ হাতে নিয়েছে। এসব প্রকল্পের অধীনে শ্রেণিকক্ষ বৃদ্ধি, ওয়াশ রুম নির্মাণ, নকশা পরিবর্তন ও আসবাবপত্র পরিবর্তনের মতো বড় কাজ করা হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান প্রমুখ।