১৭ বছর পর গ্রেপ্তার, ভুয়া এনআইডি বানিয়ে চাকরিও করছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তারের পর আবদুল কুদ্দুস
ছবি: সংগৃহীত

১৭ বছর আগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক ব্যক্তিকে হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার বহেরার চালা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। আবদুল কুদ্দুস (৪১) নামের ওই ব্যক্তি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাবনাপাড়া গ্রামের বাসিন্দা।

কুদ্দুসকে গ্রেপ্তারের পর আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে র‍্যাবের ময়মনসিংহ সদর দপ্তরে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে লিখিত বক্তব্য পড়েন র‍্যাব-১৪–এর অধিনায়ক মো. মহিবুল ইসলাম খান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪–এর টাঙ্গাইল ক্যাম্পের একটি দল গতকাল এই অভিযান পরিচালনা করে।

সংবাদ সম্মেলনে মো. মহিবুল ইসলাম খান বলেন, ২০০৬ সালের মে মাসে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বেতুলিয়া গ্রামের এক ব্যক্তিকে হত্যার পর দেহ এক স্থানে আর মাথা অন্য স্থানে ফেলে রাখা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পার্শ্ববর্তী টাঙ্গাইলের নাগরপুর থানায় একটি হত্যা মামলা করে। পুলিশ তদন্ত করে কুদ্দুস নামের এই ব্যক্তির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ২০২১ সালের ৫ ডিসেম্বর মামলার রায়ে আবদুল কুদ্দুসকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

র‍্যাব কর্মকর্তা মো. মহিবুল ইসলাম খান আরও বলেন, আসামি আবদুল কুদ্দুস জালিয়াতির মাধ্যমে মামাতো ভাইয়ের নাম ও ঠিকানা ব্যবহার করে নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করে একটি পোশাক কারখানায় চাকরি করছিলেন।