বাংলাদেশে সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ইইউ ও ১৪ দেশ
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় পশ্চিমা ও উন্নত দেশগুলো। বাংলাদেশে থাকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান, জার্মানিসহ কয়েকটি দেশের দূতাবাস আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আশা প্রকাশ করে। ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে বিবৃতিটি দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা বাংলাদেশের বন্ধু ও অংশীদার হিসেবে এ দেশের সাফল্যকে আরও উৎসাহিত করতে আগ্রহী। মানবাধিকারের সর্বজনীন ঘোষণার চেতনায় উদ্বুদ্ধ হয়ে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার গুরুত্ব পুনর্ব্যক্ত করছি।’
মানবাধিকার দিবস উপলক্ষে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা মানবাধিকার সুরক্ষা ও উন্নয়ন উৎসাহিত করার ক্ষেত্রে গণতন্ত্রের মৌলিক ভূমিকাকে তুলে ধরতে চাই।’
বিবৃতিতে বলা হয়েছে, ‘অনুসরণীয় মূল্যবোধ ও নীতি হিসেবে আমরা গণতান্ত্রিক শাসনকে সমর্থন ও উৎসাহিত করি। এর মধ্যে আমরা অর্থপূর্ণ অংশগ্রহণ, সমতা, নিরাপত্তা, অন্তর্ভুক্তিমূলক মানবিক এবং অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে চাই।’
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে যে স্বাধীনতার কথা বলা হয়েছে, আমরা সেটি মেনে চলি। এ ছাড়া ঘোষণাপত্রে বর্ণিত বিভিন্ন অঙ্গীকারের মধ্যে মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও নির্বাচন বিষয়ে জাতিসংঘের সব সদস্যরাষ্ট্রের অঙ্গীকার রক্ষার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরি।’