ফুডির দেড় হাজারের বেশি রাইডারের জন্য বিনা মূল্যে দুর্ঘটনা বিমাসুবিধা

গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স পিএলসির সঙ্গে পার্টনারশিপ করেছে ফুডি এক্সপ্রেস লিমিটেড। এই অংশীদারত্বের আওতায় ফুড ডেলিভারি রাইডাররা দুর্ঘটনাজনিত মৃত্যু বা পঙ্গুত্বের ক্ষেত্রে আর্থিক বিমাসহ অন্যান্য সুবিধা পাবেন
ছবি: ফুডির সৌজন্যে

ফুড ডেলিভারি রাইডারদের নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স পিএলসির সঙ্গে পার্টনারশিপ করেছে ফুডি এক্সপ্রেস লিমিটেড। এই উদ্যোগের আওতায় রাইডাররা দুর্ঘটনাজনিত মৃত্যু বা পঙ্গুত্বের ক্ষেত্রে আর্থিক বিমাসুবিধা পাবেন। সবচেয়ে বড় বিষয় হলো, এই বিমার পুরো প্রিমিয়াম ফুডি নিজেই বহন করছে; এর ফলে রাইডারদের বাড়তি কোনো টাকা খরচ করতে হবে না।

এর মাধ্যমে রাইডাররা কর্মক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকি থেকে সুরক্ষিত থাকবেন, যা তাঁদের ও তাঁদের পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা হিসেবে কাজ করবে। ইতিমধ্যে ফুডির দেড় হাজারের বেশি শীর্ষ রাইডার এই সুবিধার আওতায় এসেছেন এবং প্রতি মাসেই এই সংখ্যা আরও বাড়ছে।

উদ্যোগটির আওতায় রাইডারদের জন্য একটি পারসোনাল অ্যাকসিডেন্টাল ইনস্যুরেন্স প্ল্যান চালু করা হয়েছে, যেখানে দুর্ঘটনার ফলে মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে নির্ধারিত কভারেজ প্রদান করা হবে। আংশিক অক্ষমতার ক্ষেত্রেও নির্ধারিত আর্থিক সহায়তা নিশ্চিত করা হয়েছে, যা রাইডারদের অনিশ্চয়তার সময়ে সহায়ক ভূমিকা রাখবে। এই বিমাসুবিধাটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ঘটে যাওয়া দুর্ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং বার্ষিক ভিত্তিতে নবায়নযোগ্য।

এ উদ্যোগ সম্পর্কে ফুডি এক্সপ্রেস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. শাহনেওয়াজ মান্নান বলেন, প্রাথমিকভাবে ফুডির শীর্ষ রাইডারদের এই প্ল্যানের আওতায় আনা হয়েছে, তবে ধীরে ধীরে সব রাইডারকে এ সুবিধার অন্তর্ভুক্ত করার লক্ষ্য রয়েছে। ইন্ডাস্ট্রিতে একটি উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব তৈরি করতে ফুডি নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যাতে এটি একটি বিশ্বস্ত দেশীয় ব্র্যান্ড হিসেবে নিরলসভাবে কাজ করে যেতে পারে।

গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স পিএলসির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও ক্লাস্টার হেড আবু সাঈদ বলেন, ‘আমরা সব সময় আমাদের গ্রাহকদের ভবিষ্যৎ সুরক্ষায় কাজ করে আসছি। ফুডির রাইডারদের জন্য এই বিমাসুবিধা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা তাঁদের দুর্ঘটনাজনিত ঝুঁকি মোকাবিলায় আর্থিক সহায়তা প্রদান করবে এবং দীর্ঘ মেয়াদে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করবে।’

এই উদ্যোগ রাইডারদের জন্য একটি নিরাপদ ও সহায়ক কর্মপরিবেশ তৈরি করবে এবং ভবিষ্যতে আরও এমন কল্যাণমূলক কার্যক্রমের পথ প্রশস্ত করবে বলে আশাবাদী উভয় প্রতিষ্ঠানই।