‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে প্রতারণা করেছে আওয়ামী লীগ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদিবাসী ছাত্রসংগ্রাম পরিষদ, আদিবাসী যুব ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ সমাবেশ। ২৩ আগস্ট, শাহবাগ, ঢাকা
ছবি: প্রথম আলো

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং ২০০৮ সালে নির্বাচনী ইশতেহারে সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমির সমস্যা সমাধানে স্বাধীন ভূমি কমিশন গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে আওয়ামী লীগ সরকার প্রতারণা করেছে বলে মনে করেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ছাত্র ও যুব সংগঠনের নেতারা।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভ সমাবেশে ক্ষুদ্র জাতিগোষ্ঠী ছাত্র ও যুব সংগঠনগুলোর নেতারা এসব কথা বলেন। তাঁরা বলেছেন, শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া ও স্বাধীন ভূমি কমিশন গঠন না করার কারণেই পাহাড় ও সমতলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের নির্যাতন ও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে।

‘সাতক্ষীরা ও উখিয়ায় আদিবাসীদের ওপর ভূমিদস্যুদের পরিকল্পিত হামলা, নরেন্দ্রনাথ মুণ্ডা হত্যার যথাযথ বিচার এবং চা-শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে’ আদিবাসী ছাত্রসংগ্রাম পরিষদ, আদিবাসী যুব ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক নিপুণ ত্রিপুরা বলেন, সাতক্ষীরা ও কক্সবাজারের উখিয়ায় আদিবাসীদের ওপর ভূমিদস্যুরা পরিকল্পিতভাবে হামলা করেছে। ১৮ আগস্ট উখিয়ায় ভূমিদস্যু রশিদ আহমেদের নেতৃত্বে স্থানীয় চাকমাদের ওপর হামলা হয়। হামলায় উখিয়ার চাকমাপাড়ার ২০ বাসিন্দা আহত হয়েছেন, যাঁদের ৫ জনের অবস্থা গুরুতর। চাকমাদের অপরাধ ছিল, বন বিভাগকে বন দখলের খবর দেওয়া।

নিপুণ ত্রিপুরা বলেন, ঘটনাটির পাঁচ দিনের বেশি সময় পেরিয়ে গেলেও হামলাকারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। আহত ব্যক্তিদের সুচিকিৎসার ব্যবস্থাও করা হয়নি। পরদিন (১৯ আগস্ট) সাতক্ষীরার শ্যামনগরের মুণ্ডাপাড়ায় মুণ্ডা আদিবাসীদের ভূমি দখলের চেষ্টা হয়েছে। মুণ্ডারা দখল প্রতিরোধ করতে গেলে ভূমিদস্যু দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা করে। এ হামলায় আহত নরেন্দ্রনাথ মুণ্ডা পরদিন মৃত্যুবরণ করেন।

প্রশাসনের নীরবতা ও ভূমিদস্যুদের পক্ষাবলম্বনের কারণে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমিগুলো বেদখল হচ্ছে বলে অভিযোগ করেন নিপুণ ত্রিপুরা। তিনি বলেন, ২৪ বছরেও পার্বত্য শান্তিচুক্তির পূর্ণাঙ্গ ও যথাযথ বাস্তবায়ন হয়নি। শুধু চুক্তি করা সরকারের কৃতিত্ব হতে পারে না, চুক্তির বাস্তবায়নের মধ্য দিয়েই তারা কৃতিত্ব নিতে পারে। তিনি আরও বলেন, ‘সরকারকে বলতে চাই, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করতে হবে। আদিবাসীদের ভূমির অধিকার রক্ষায় স্বাধীন ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠন করতে হবে। একই সঙ্গে চা-শ্রমিকদের ৩০০ টাকা মজুরির ন্যায্য দাবি মেনে নিতে হবে।’

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরেও ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেন আদিবাসী ইউনিয়নের সহসভাপতি রাখী মং। তিনি বলেন, ‘আদিবাসী ও সংখ্যালঘুদের ভূমি দখল করার জন্য তাদের বিতাড়ন, নারীদের নিপীড়ন-ধর্ষণ করছে ভূমিদস্যুরা। বন বিভাগের লোকজনও আদিবাসীদের নানাভাবে অত্যাচার ও বিতাড়নের চেষ্টা করে।’

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক দীপক শীল। আদিবাসী যুব ফোরামের সভাপতি অনন্ত বিকাশ ধামাইর সভাপতিত্বে ও গারো ছাত্রসংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতি ডন জেত্রার সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, আদিবাসী যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক টনি চিরান, হাজং স্টুডেন্ট কাউন্সিলের নেতা নাঈম হাজং, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের নেতা প্রভাত টুডু প্রমুখ বক্তব্য দেন।