ঢাকা বিশ্ববিদ্যালয়: পরীক্ষাকেন্দ্রে শিক্ষকদের আচরণের প্রতিবাদ জানিয়ে তিনি ‘এ যুগের প্রতিবাদী দুখু মিয়া’
মা মেরিনা আক্তার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভক্ত। তিন ছেলের মধ্যে ছোট ছেলের নামের সঙ্গে কাজী নজরুল ইসলামের ডাক নাম দুখু মিয়ার দুখু অংশটি যোগ করেছেন। ছেলের নাম রেখেছেন মতিউর রহমান সরকার দুখু। এই দুখু ছোটবেলা থেকেই প্রতিবাদী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টারের এই শিক্ষার্থী পরীক্ষার হলে শিক্ষকদের আচরণের প্রতিবাদ জানিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর চিঠি দিয়ে আলোচনায় এসেছেন।
মতিউরের এই চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ব্যাপক আলোচনা চলছে তাঁর এই চিঠি নিয়ে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে গিয়ে আবেদন জমা দিয়েছেন তিনি। বিভাগের সভাপতির কার্যালয়ে চিঠির একটি অনুলিপি জমা দিয়েছেন তিনি।
শব্দে আমার সমস্যা হয়। মনোযোগ দিতে পারি না। তাই প্রশ্ন ভালোভাবে পড়তে পারছিলাম না। তখন একজন শিক্ষককে ডেকে বিষয়টি জানালে তিনি অঙ্গভঙ্গিতে জানিয়ে দেন, জ্যেষ্ঠ শিক্ষকদের এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়। তিনি আমাকে পেছনের দিকের বেঞ্চে গিয়ে বসে পরীক্ষা দিতে বলেন।মতিউর রহমান সরকার দুখু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
রাতে মতিউরের সঙ্গে মুঠোফোনে কথা হয়। তিনি বলেন, গত রোববার কলাভবনের পঞ্চম তলায় ষষ্ঠ সেমিস্টার ফাইনাল পরীক্ষার ৩০৫ নম্বর কোর্সের পরীক্ষা ছিল তাঁর। বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পরীক্ষা চলে। তাঁর আসন পড়ে সামনের দিকের দ্বিতীয় বেঞ্চে। তাঁর সামনেই পরীক্ষা হলের দায়িত্বে থাকা ১০ থেকে ১২ জন শিক্ষক বসা ছিলেন।
মতিউর আরও জানান, প্রশ্নপত্র হাতে পাওয়ার পর তিনি তা পড়ছিলেন। তখন থেকেই শিক্ষকেরা নিজেদের মধ্যে কথা বলা শুরু করেন। উচ্চশব্দে কথা বলছিলেন তাঁরা।
মতিউর বলেন, ‘শব্দে আমার সমস্যা হয়। মনোযোগ দিতে পারি না। তাই প্রশ্ন ভালোভাবে পড়তে পারছিলাম না। তখন একজন শিক্ষককে ডেকে বিষয়টি জানালে তিনি অঙ্গভঙ্গিতে জানিয়ে দেন, জ্যেষ্ঠ শিক্ষকদের এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়। তিনি আমাকে পেছনের দিকের বেঞ্চে গিয়ে বসে পরীক্ষা দিতে বলেন।’
কিন্তু পেছনের দিকে একটি আসনে গিয়ে বসলেও সমস্যা থেকেই যায়। মতিউর জানান, একজন শিক্ষক পেছনের দিকে এসে বেঞ্চে বসে জোরে জোরে একটি প্রবন্ধ পড়তে থাকেন। ঘণ্টাখানেক এমনটা চলে। এতে পরীক্ষা দিতে সমস্যা হয় তাঁর। পরে পরীক্ষা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে তাঁকে আবার তাঁর নিজের আসনে গিয়ে বসতে হয়।
মতিউরের অভিযোগপত্রের একটি কপি পেয়েছি। শিক্ষকদের ডেকে তাঁদের কোনো আচরণে পরীক্ষার হলে শিক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয়, সেদিকে নজর রাখতে বলে দিয়েছি।অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সভাপতি।
মতিউরের অভিযোগ, পরীক্ষার হলে শিক্ষকেরা মুঠোফোনে প্রায়ই চিৎকার করে কথা বলছিলেন। নাশতা খাওয়ার সময় তো এলাহি কাণ্ড। এবারই প্রথম এমন ঘটনা ঘটেছে, তা নয়; প্রায়ই পরীক্ষার হলে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়।
মতিউর বলেন, ‘ইয়ার ড্রপ বা এক বছর পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের অনেক শিক্ষকই ভালো চোখে দেখেন না। অথচ আর্থিক, পারিবারিক, রাজনৈতিক কারণসহ অনেক কারণেই অনেকে পরীক্ষা দিতে পারেন না। আমি যেহেতু ইয়ার ড্রপ দিয়েছি, তাই শিক্ষকদের কেউ কেউ হয়তো আমার প্রতি বিরক্ত ছিলেন।’
২০১৮-১৯ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন মতিউর। নৌবাহিনীতে পরীক্ষা দিতে গিয়ে বিভাগের পরীক্ষা দিতে পারেননি। তাই এক বছর পিছিয়ে পড়েন তিনি।
এর আগে গত বছর শব্দদূষণ প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হর্ন বাজানো নিষিদ্ধের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে প্ল্যাকার্ড হাতে একাই অবস্থান কর্মসূচি পালন করেন মতিউর। প্রথম আলোয় তাঁর অবস্থান কর্মসূচির ছবি ছাপা হয়।
মতিউরের চিঠির বিষয়ে দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী প্রথম আলোকে বলেন, ‘মতিউরের অভিযোগপত্রের একটি কপি পেয়েছি। শিক্ষকদের ডেকে তাঁদের কোনো আচরণে পরীক্ষার হলে শিক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয়, সেদিকে নজর রাখতে বলে দিয়েছি। তবে দীর্ঘ সময় শিক্ষকেরা হলে দায়িত্ব পালন করেন, হয়তো একটু কথাবার্তা বলেন। তারপরও আমি তাঁদের বিষয়টি বলেছি এবং শিক্ষকেরা তা মেনেছেন।’
মতিউরের বাবা মো. শফিকুল ইসলাম সরকার পল্লিচিকিৎসক ছিলেন। তিনি ২০১৭ সালে মারা যান। বড় ভাই ও মেজ ভাই ব্যবসা করেন। মা মেরিনা আক্তার গৃহিণী। তিনি কুমিল্লায় গ্রামের বাড়িতে থাকেন। বড় ভাই মতিউরের পড়াশোনার খরচ দেন।
প্রতিবাদ জানিয়ে মতিউরের দেওয়া চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শেয়ার করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষার হলে তাঁদের নিজেদের অভিজ্ঞতার কথাও লিখেছেন।
একই সঙ্গে এভাবে প্রতিবাদ করায় মতিউরের পরীক্ষার ফলাফলে কোনো প্রভাব পড়ে কি না, তা নিয়েও অনেকে শঙ্কা প্রকাশ করছেন। তাঁকে এ যুগের প্রতিবাদী ‘দুখু মিয়া’ নামেও ডাকতে শুরু করেছেন অনেকে।
এ বিষয়ে মতিউর বলেন, ‘প্রতিবাদ করায় তা পরীক্ষার ফলাফলে প্রভাব ফেলবে কি না, তা নিয়ে চিন্তা করছি না। আমি চাই, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে যথাযথ, কার্যকর ব্যবস্থা নেবে। আর অন্যায় দেখলে আমি প্রতিবাদ করবই। তবে বেশির ভাগই বিরাগভাজন হওয়ার ভয়ে কোনো কিছু নিয়ে প্রতিবাদ করেন না। আমি প্রতিবাদ করলে অন্যদের মুখের ভাবটা এমন হয় যে অন্যদের কোনো সমস্যা হচ্ছে না, তোমার কেন এত মাথা ব্যথা হচ্ছে?’