স্ত্রী-সন্তানসহ সাবেক পিপি আব্দুল্লাহ আবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) লোগোফাইল ছবি

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল্লাহ আবু ও তাঁর স্ত্রী মনোয়ারা বেগম এবং দুই সন্তান কাজী আহসান উল্লাহ শিবলী ও কাজী আমরীন সুলতানার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতির অভিযোগে তাঁদের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন। এর আগে দুদকের সহকারী পরিচালক নীল কমল পাল তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট আব্দুল্লাহ আবুর বিরুদ্ধে অর্থ উপার্জন করে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। তিনি নিজ নামে ও পরিবারের অন্য সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। তাঁরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা একান্ত প্রয়োজন।