তারাগঞ্জে পিটিয়ে হত্যা
রূপলাল-প্রদীপ লালের পরিবারকে ১০ কোটি টাকা করে ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট
রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে নিহত রূপলাল দাস (৪০) ও প্রদীপ লাল দাসের (৩৫) পরিবারকে ১০ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয় বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রুল দেন।
এর আগে গত বছরের ৯ আগস্ট রাতে তারাগঞ্জের সায়ার ইউনিয়নের বটতলা বুড়িরহাট এলাকায় পিটুনিতে নিহত হন উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের রূপলাল দাস (৪০) ও মিঠাপুকুরের ছড়ান বালুয়া গ্রামের প্রদীপ লাল (৩৫)। সম্পর্কে তাঁরা আত্মীয়। রূপলাল স্থানীয় বাজারে জুতা সেলাই করতেন আর প্রদীপ লাল ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
‘একের পর এক গণপিটুনি, ১০ দিনে নিহত ৯’ শিরোনামে গত বছরের ১২ আগস্ট প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। ঘটনাটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে রূপলাল ও প্রদীপের পরিবারকে ১০ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চেয়ে আইন ও সালিশ কেন্দ্র (আসক) গত বছর রিটটি করে।
আদালতে আসকের পক্ষে আইনজীবী মো. শাহীনুজ্জামান শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান।
রুলের বিষয়টি জানিয়ে পরে আইনজীবী মো. শাহীনুজ্জামান প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, রংপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, তারাগঞ্জের ওসিসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।