আন্তালিয়ায় আজ তারেক–এরদোয়ান বৈঠক, ঘনিষ্ঠ হচ্ছে ঢাকা–আঙ্কারা সম্পর্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন।

স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে দুই নেতার সাক্ষাতের কথা রয়েছে। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।

ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের পারস্পরিক সফর, বাংলাদেশের সেনাপ্রধানের তুরস্ক সফর ও শীর্ষ পর্যায়ের যোগাযোগে ঢাকা–আঙ্কারা সম্পর্কে যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, এ বৈঠক তারই ধারাবাহিকতা।

আরও পড়ুন

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১০ থেকে ১২ নভেম্বরের এই সরকারি সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট ছাড়াও কয়েকটি দেশের শীর্ষ নেতার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন।

তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে এটি তাঁর দ্বিতীয় বৈঠক হতে যাচ্ছে।

গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে তুর্কি হাউসে দুই নেতার প্রথম বৈঠকটি হয়। এই বৈঠকে এরদোয়ান দুই দেশের সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ভিত্তিতে দাঁড় করানোর আহ্বান জানান। তিনি প্রতিরক্ষাশিল্পে সহযোগিতা বাড়ানোসহ দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির ওপর জোর দেন।

গত জুনের শুরুর দিকে ঢাকায় এসেছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সফরের শেষ দিন তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে হাকান ফিদান বলেছিলেন, তাঁর সফর দুই দেশের সম্পর্ককে কৌশলগত স্তরে নেওয়ার প্রথম ধাপ।

এই সাক্ষাতের পর দুই দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী পর্যায়ের যৌথ কমিটি গঠনের বিষয়টি ঘোষণা করা হয়। এ ছাড়া দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বার্ষিক বৈঠক এবং পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের অংশগ্রহণে নিয়মিত বৈঠক আয়োজনের বিষয়ে একমত হয় দুই পক্ষ।

ঢাকা সফরকালে হাকান ফিদানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থনের জন্য তিনি তুরস্ককে ধন্যবাদ জানিয়েছিলেন।

কয়েক বছর ধরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে যোগাযোগ বেড়েছে।

আরও পড়ুন

গত জুলাইয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্ক সফর করেন। সেনাপ্রধানের পাঁচ দিনের এই সরকারি সফরকালে হওয়া বৈঠকগুলোয় দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষাপ্রযুক্তি, প্রতিরক্ষাশিল্পে সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়। উভয় পক্ষই ভবিষ্যতে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক, অভিজ্ঞতা বিনিময় ও প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে। সফরের অংশ হিসেবে সেনাবাহিনীর প্রধান তুরস্কের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিরক্ষাশিল্প ও সামরিক প্রযুক্তিপ্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন করেন।

বাংলাদেশ–তুরস্ক আলোচনায় রোহিঙ্গা ইস্যুও স্থান পাচ্ছে। নিউইয়র্কের বৈঠকে এরদোয়ান ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন। রোহিঙ্গাদের আশ্রয়, শিক্ষা ও অবকাঠামো খাতে মানবিক সহায়তা অব্যাহত রাখার কথা জানান তিনি।

আরও পড়ুন

গত ফেব্রুয়ারি মাসে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বেড়েছে। গত ১৭ ফেব্রুয়ারির শপথ অনুষ্ঠানে তুরস্কের প্রতিনিধিত্ব করেন উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনজি।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দায়িত্ব নেওয়ার পর প্রথম দ্বিপক্ষীয় সফরে গত ১৪ মার্চ তুরস্কে যান। আঙ্কারায় তাঁর সঙ্গে হাকান ফিদানের বৈঠকে দুই দেশের কূটনীতিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। খলিলুর রহমান গত ১৭–১৯ এপ্রিল আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নেন। আর গত জুনে হাকান ফিদান প্রথমবারের মতো ঢাকা সফর করেন।