হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানো হলো

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতফাইল ছবি: প্রথম আলো

রাজধানীর আদাবর থানার মো. ইসহাক জমাদ্দার হত্যা মামলায় ঝালকাঠি–১ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ শাহজাহান ওমরকে (বীর উত্তম) গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে কারাগারে পাঠানোর আদেশও দেওয়া হয়েছে।

আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।

আজ শাহজাহান ওমরকে আদালতে হাজির করা হয়। পরে পুলিশ প্রহরায় তাঁকে কাঠগড়ায় নেওয়া হয়। তাঁর উপস্থিতিতে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর শুনানি হয়।

শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা ও আদাবর থানার উপপরিদর্শক মহেশ চন্দ্র সিং বলেন, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া আসামি শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। শুনানি শেষে আদালত তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২৪ আগস্ট শাহজাহান ওমরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। সেদিন আদালত আসামির উপস্থিতিতে এ বিষয়ে শুনানির জন্য ৩০ আগস্ট দিন ধার্য করেছিলেন।

আরও পড়ুন

মামলার বিবরণে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর শ্যামলী ক্লাব মাঠসংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ হন বরিশালের বামনা উপজেলার বেবাজিয়াখালী গ্রামের মো. ইসহাক জমাদ্দার। পরে তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২০২৫ সালের ২ জুলাই আদাবর থানার উপপরিদর্শক মো. আশরাফ হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন।

এর আগে ২০২৪ সালের ২১ নভেম্বর ঝালকাঠির রাজাপুর থেকে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে রাজধানীর একাধিক থানায় করা বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর পর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

আরও পড়ুন