এক দিনে ৬ মামলায় বিএনপির ১১৯ জনের সাজা
পৃথক ছয়টি মামলায় এক দিনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের আরও ১১৯ জন নেতা-কর্মীর সাজা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত গতকাল বুধবার এ রায় দেন। দণ্ডিত নেতাদের মধ্যে আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, হাজারীবাগ থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আজীজ, বনানী থানা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
এ নিয়ে বিগত সাড়ে চার মাসে ৭৩ মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্তত ১ হাজার ১৪৫ জন নেতা-কর্মীর সাজা হলো। এর মধ্যে বেশ কয়েকজন একাধিক মামলায় সাজাপ্রাপ্ত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে কিছুসংখ্যক জামায়াতের।
গতকাল যে ছয়টি মামলার রায় হয়েছে, তার মধ্যে পুলিশ পাঁচটি মামলা করেছিল ২০১৮ সালে।
আরেকটি মামলা হয় ২০১৩ সালে। বেশির ভাগ মামলায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে বেআইনি সমাবেশ, পুলিশের কাজে বাধা দেওয়া ও হামলা, যানবাহন ভাঙচুর, আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে। আইনজীবী ও আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গতকাল সাজা হওয়া ছয়টি মামলায় রাষ্ট্রপক্ষ থেকে যেসব সাক্ষী আদালতে হাজির করা হয়েছিল, তার বেশির ভাগ পুলিশ বাহিনীর সদস্য।
উত্তরখান থানার দুই মামলা
২০১৮ সালের সেপ্টেম্বরে উত্তরখান থানায় করা পৃথক দুই মামলায় বিএনপির ৬৭ জন নেতা-কর্মীকে আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন গতকাল এ রায় দেন। একটি মামলায় পুলিশ বলেছে, ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর রাত ৮টায় উত্তরখানের চামুরখানের সড়কে বিএনপির ৫৬ জন নেতা-কর্মী সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার পর নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পুলিশের সদস্যরা আহত হন। এ মামলায় পুলিশ ৩১ জনের বিরুদ্ধে ২০১৯ সালের ২১ জুলাই অভিযোগপত্র জমা দেয়। গত ২০ আগস্ট অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষ ১৯ জন সাক্ষীর মধ্যে ৪ জন পুলিশ সাক্ষীকে আদালতে হাজির করা হয়। গতকাল রায়ে ৩১ জন নেতা-কর্মীর দুই বছর এক মাস করে সাজা হয়েছে।
উত্তরখান থানায় পুলিশ অপর মামলাটি করেছিল বিএনপির ৬৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে। এজাহারে বলা হয়, ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর বিকেলে বিএনপির নেতা-কর্মীরা উত্তরখান হাইস্কুলের পূর্ব পাশে জমায়েত হয়ে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে নেতা-কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির সমর্থনে স্লোগান দিতে থাকেন। এতে পুলিশের দুজন সদস্য আহত হন। এ মামলায় গত ৩০ অক্টোবর ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষ থেকে ২৬ জন সাক্ষীর মধ্যে ৪ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়। সাক্ষ্য নেওয়া হয় ৪ ডিসেম্বর। এর মধ্যে তিনজন পুলিশ সাক্ষী। গতকাল রায়ে ৩৬ জনের দুই বছর এক মাস করে সাজা হয়েছে।
ধানমন্ডি, গুলশান ও বনানী থানার মামলা
২০১৮ সালের ১৩ জুলাই ধানমন্ডি এলাকায় বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ধানমন্ডি থানায় আরেকটি মামলা করেছিল পুলিশ। সেই মামলায় গতকাল বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউলসহ ২২ জনকে আড়াই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান গতকাল এ রায় দেন। এ মামলায় গত ১৬ আগস্ট অভিযোগ গঠন করেন আদালত। এ মামলায় চারজন পুলিশ সাক্ষীকে আদালতে হাজির করা হয়। এ ছাড়া আসামিপক্ষ থেকে দুজন সাফাই সাক্ষ্য দেন। গত ২৩ নভেম্বর মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। শেষ হয় ৭ ডিসেম্বর।
২০১৩ সালের ৮ এপ্রিল গুলশানে একটি প্রাইভেট কারে আগুন দেওয়ার ঘটনায় ২৮ জনের নামে মামলা করে পুলিশ। এ মামলায় ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য গ্রহণ শুরু হয় ওই বছরের ২৮ সেপ্টেম্বর। এ মামলায় ৩০ জন সাক্ষীর মধ্যে ৫ জন পুলিশ সাক্ষীকে আদালতে হাজির করে রাষ্ট্রপক্ষ। মামলায় ১৫ জনকে ৬ মাস করে কারাদণ্ড দেন সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।
২০১৮ সালের সেপ্টেম্বরে বনানী থানার আরেক মামলায় বনানী থানা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ ১০ জনকে আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। খালাস পেয়েছেন ছয়জন। ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী গতকাল এ রায় দেন। মামলায় আসামিদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে দুজন সাক্ষীকে আদালতে হাজির করা হয়।
২০১৮ সালের সেপ্টেম্বরে করা কামরাঙ্গীরচর থানার আরেক মামলায় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। একই মামলায় ১৯ জন খালাস পেয়েছেন। ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী গতকাল এ রায় দেন।
এ ছাড়া ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে হাজারীবাগ থানায় পুলিশের করা মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২৮ জন খালাস পেয়েছেন।