কীটনাশক দেওয়া প্রতিষ্ঠানের চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত

বসুন্ধরায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় তাঁদের বাসায় তেলাপোকা নিধনের কীটনাশক দেওয়া প্রতিষ্ঠানের চেয়ারম্যান আশরাফুজ্জামান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরহাদুল আমিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কীটনাশক অ্যালুমিনিয়াম ফসফেটের বিষক্রিয়ায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় শাহিল মোবারত জায়ান (৯) ও তার ভাই শায়েন মোবারত জাহিনের (১৫) মৃত্যু হয় বলে পুলিশ নিশ্চিত হয়েছে।

মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) বলেছে, ওই কীটনাশক গুদাম ও কৃষিজমিতে ব্যবহারের জন্য, বাসা বাড়িতে ব্যবহারের জন্য নয়। বিষয়টি জেনেও ডিসিএস অর্গানাইজেশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ চারজন মুনাফার লোভে ওই কীটনাশক বাসাটিতে ব্যবহার করেছিলেন। ওই কীটনাশকের বিষক্রিয়ায় দুই শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ে। ওই মৃত্যুতে অবহেলা ও গাফিলতির অভিযোগে ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করেছে ডিবি পুলিশ। আগামী দু-এক দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র দেওয়া হতে পারে।

অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডের চেয়ারম্যান আশরাফুজ্জামান (৩৭), ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল আমিন (৩৩), প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ (বিজনেস ডেভেলপমেন্ট) মো. মোছলে উদ্দিন শামীম (৩০) ও স্প্রে অপারেটর মো. টিটু মোল্লা (৩৭)। এদের মধ্যে আশরাফুজ্জমান, ফরহাদুল আমিন ও টিটু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আশরাফুজ্জামান জামিনে মুক্ত হন। মোছলে উদ্দিন পলাতক আছেন।

বসুন্ধরার আই ব্লকে নতুন বাসার পোকামাকড় তাড়ানোর জন্য বারিধারার ‘ডিসিএস অর্গানাইজেশন লিমিটেড’ পেস্ট কন্ট্রোল কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলেন ব্যবসায়ী মোবারক হোসেন। ওই কোম্পানির কর্মীরা গত ২ জুন বাসায় কীটনাশক দিয়ে যান। ওই পরিবার বাসায় ওঠার পর সবাই অসুস্থ হয়ে পড়েন। ৪ জুন সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মোবারক হোসেনের ৯ বছর বয়সী ছেলে শাহিল মোবারত জায়ান। পরে রাতে মারা যায় তার ভাই ১৫ বছর বয়সী শায়েন মোবারত জাহিন। ওই ঘটনায় দুই শিশুর বাবা মোবারক হোসেন অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা করেন। ৫ জুন রাতে ডিসিএস কর্মী টিটু মোল্লাকে গ্রেপ্তার করা হয়। এরপর টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে কোম্পানির চেয়ারম্যান আশরাফুজ্জামান ও এমডি ফরহাদুল আমিনকে গ্রেপ্তার করা হয়।

দুই শিশুর মৃত্যুর ঘটনায় করা মামলার তদন্ত নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ডিসিএইচ অর্গানাইজেশন লিমিটেডের চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে দুই শিশুর মৃত্যুতে গাফিলতি ও অবহেলার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। কীটনাশক নিয়ে যাদের অভিজ্ঞতা আছে তাদের সঙ্গেও কথা বলা হয়েছে। উদ্ভিদ সংরক্ষণ শাখার ভারপ্রাপ্ত পরিচালক ফরিদুল হাসান বলেন, জব্দ করা কীটনাশক বাসা বাড়িতে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক কে এম মঈন উদ্দিন মতামত দিয়েছেন, অ্যালুমিনিয়াম ফসফেট ব্যবহারের কারণে দুই শিশুর মৃত্যু ঘটেছে।

ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, শিশুরা যখন অসুস্থ হয়ে পড়ে তখন তাদের বাবা ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডের কর্মকর্তা মোছলে উদ্দিনকে ফোন করলে তিনি বলেছিলেন এটা কোনো সমস্যা নয়, বাচ্চাদের কোনো চিকিৎসা লাগবে না। তিন-চার ঘণ্টার মধ্যে ঠিক হয়ে যাবে। মোছলে উদ্দিন কালক্ষেপণ করায় শিশুদের মৃত্যু ঘটেছে। তিনি বলেন, উদ্ভিদ সংরক্ষণ শাখার মতামতে বলা হয়েছে, কীটনাশক ৭২ থেকে ৭৬ ঘণ্টা বায়ুরোধক অবস্থায় ব্যবহার করে, পরে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পূর্ণ বায়ু চলাচল  উন্মুক্ত রাখতে হবে। অথচ আসামি মোছলে উদ্দিন শিশুদের বাবাকে সঠিক তথ্য দেয়নি। অ্যালুমিনিয়াম ফসফেট বাসায় ব্যবহার নিষিদ্ধ থাকলেও আসামিরা লাভের আশায় আবাসিক এলাকায় তা বিক্রি করে আসছিলেন।

সংবাদ সম্মেলনে শিশুদের বাবা মোবারক হোসেন বলেন, আসামিদের ভুলের জন্য তার দুই শিশু সন্তানের মৃত্যু হয়েছে। এটি হত্যাকাণ্ড। তাই হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করে সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।