বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত ছিলেন: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব উল আলম হানিফ
ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় জিয়াউর রহমান জড়িত ছিলেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু হত্যাকারীদের পুনর্বাসন করেছেন জিয়া। বঙ্গবন্ধুর হত্যাকারী কর্নেল রশিদ বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন, হত্যাকাণ্ডের আগে একাধিকবার জিয়াউর রহমানের সঙ্গে বৈঠক করেছিলেন তাঁরা।’

রোববার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন মাহবুব উল আলম হানিফ। শেখ রাসেল জাতীয় শিশু–কিশোর পরিষদ এ অনুষ্ঠান আয়োজন করে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার সময় জিয়াউর রহমান সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি ছিলেন। (ষড়যন্ত্রের) বিষয়টা জেনেও তিনি কোনো ব্যবস্থা নেননি। উল্টো জিয়া তাঁদের বলেছিলেন, তোমরা এগিয়ে যাও। এটাই তো বড় প্রমাণ যে জিয়া বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বঙ্গবন্ধুর খুনি ফারুককে সংসদে বসিয়েছিলেন খালেদা জিয়া। এর মাধ্যমে মুক্তিযুদ্ধের সঙ্গে বেইমানি করেছেন বিএনপির প্রধান।’