কৌলাসদের রেস্তোরাঁয় বসতে বাধা, তদন্তের নির্দেশ মানবাধিকার কমিশনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটে রেস্তোরাঁর সামনে মাটিতে বসে হরিজন পরিবারের খাবার খাওয়ার ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আবদুল আলিম

লালমনিরহাটে একটি রেস্তোরাঁর সামনে মাটিতে বসে খাবার খাচ্ছে দুই শিশু এবং এক নারী ও এক পুরুষ। এ ঘটনার একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আবদুল আলিম। হরিজন সম্প্রদায়ের হওয়ায় তাদের রেস্তোরাঁয় বসতে দেওয়া হয়নি জানিয়ে এ বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন ওই শিক্ষক।

শিক্ষক আবদুল আলিম ফেসবুক পোস্টে ছবির সঙ্গে লিখেছেন, ‘এখনো কৌলাসদের (স্টোরপাড়া, লালমনিরহাট) রেস্টুরেন্টের বাইরে বসে খেতে হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।’

এই প্রেক্ষাপটে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ ঘটনাটি তদন্ত করে জানুয়ারির মধ্যে কমিশনে প্রতিবেদন দিতে লালমনিরহাটের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন।

কমিশন বলেছে, বাংলাদেশের সংবিধানের ২৭ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান।’ ২৮ অনুচ্ছেদে বলা হয়েছে ‘কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী–পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবেন না।’ কমিশন আরও বলেছে, ‘বর্ণিত অভিযোগের বিষয়টি মৌলিক মানবাধিকার লঙ্ঘন মর্মে প্রতীয়মান হয়েছে।’