সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার না দেখানোর আদেশ বহাল

সুপ্রিম কোর্টফাইল ছবি

সুনির্দিষ্ট মামলা ছাড়া সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার না দেখাতে ও হয়রানি না করতে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ রোববার এ আদেশ দেন। ফলে সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার না দেখাতে ও হয়রানি না করতে হাইকোর্টের দেওয়া আদেশ শুধু তাঁর ক্ষেত্রে বহাল থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

এর আগে পৃথক মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানার পৃথক দুটি হত্যা মামলায় গত ৩০ মার্চ খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়। এভাবে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়ার বৈধতা নিয়ে গত ১৩ মে রিট করেন খায়রুল হকের ছেলে আইনজীবী আশিক উল হক।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১৭ মে হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। আদেশে সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার না দেখাতে ও হয়রানি না করতে নির্দেশ দেওয়া হয়।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন ও লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করে রাষ্ট্রপক্ষ। চেম্বার আদালত হয়ে তা আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে।

আদালতে খায়রুল হকের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী, সারা হোসেন, মোস্তাফিজুর রহমান খান এবং আইনজীবী মাহবুব শফিক, মোনায়েম নবী শাহীন প্রমুখ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, খায়রুল হকের অসুস্থতাসহ কিছু পরিস্থিতি বিবেচনায় রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে দিয়েছেন আদালত। হাইকোর্টে মূল মামলাটি (রিট) শুনানি করতে বলেছেন আপিল বিভাগ। লিভ টু আপিল নিষ্পত্তি করা হলেও ‘শ্যোন অ্যারেস্ট’ (গ্রেপ্তার দেখানো) বিষয়ে খায়রুল হকের ক্ষেত্রে দেওয়া আদেশ অন্য কোনো মামলায় প্রযোজ্য হবে না বলে উল্লেখ করেছেন আদালত। কেননা, একই বিষয়ে এর আগে, অর্থাৎ শ্যোন অ্যারেস্ট দেখানো নিয়ে অন্য মামলায় লিভ মঞ্জুর (আপিল করার অনুমতি) করেছেন আপিল বিভাগ। লিভ টু আপিল নিষ্পত্তি হওয়ায় সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার না দেখাতে ও হয়রানি না করতে দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ রয়ে গেল।

খায়রুল হকের অন্যতম আইনজীবী মোনায়েম নবী শাহীন প্রথম আলোকে বলেন, সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার না দেখাতে ও হয়রানি না করতে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টে এ-সংক্রান্ত রুল দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দিয়ে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল ও আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন।

খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন।

খায়রুল হককে গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর পর থেকে বিভিন্ন মামলায় তিনি কারাগারে আছেন।

খায়রুল হকের মামলার বিষয়ে আইনজীবী মোনায়েম নবী শাহীন জানান, ছয়টিতে জামিনের পর আবার নতুন করে অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া নিয়ে রিটটি করা হয়েছিল। হাইকোর্টের ১৭ মে দেওয়া আদেশের পর আরও তিনটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এখন পর্যন্ত সব মিলে তাঁর বিরুদ্ধে থাকা ৯টি মামলার মধ্যে ৮টিতে তিনি জামিনে আছেন।