জুলাই হত্যা মামলায় সপ্তমবারের মতো রিমান্ডে সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতফাইল ছবি

জুলাই আন্দোলনে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) বহিষ্কৃত কর্মকর্তা মো. আফজাল নাছেরকে সপ্তম দফায় রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এবার তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়।

আজ সোমবার ছয় দফায় ২১ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, আজ মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন আসামিকে আদালতে হাজির করে আবার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, আগের দফার রিমান্ডে আসামি কিছু বিচ্ছিন্ন তথ্য দিয়েছেন। হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটন এবং এতে জড়িত অন্যদের ভূমিকা নিশ্চিত করতে তাঁকে আবার জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

গত ৩০ মার্চ ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই গণ–আন্দোলনে সংহতি জানিয়ে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় অবস্থান করছিলেন দেলোয়ার হোসেন (৪০)। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েক শ নেতা-কর্মী আফজাল নাছেরের নির্দেশে আন্দোলনকারীদের ওপর নির্বিচার গুলিবর্ষণ করে। এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হন এবং চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই হাসপাতালে মারা যান। ওই ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলাটি করে।