আধুনিক ইন্টেরিয়র: নান্দনিকতার ধরনের সঙ্গে জীবনযাত্রার ধারণার মেলবন্ধন

সময়ের সঙ্গে মানুষের জীবনযাত্রার ধরন যেমন বদলেছে, তেমনি বদলেছে ঘরবাড়ি বা অফিস সাজানোর ধরনওছবি: ফ্রিপিক

যেখানেই ঘোরাফেরা হোক না কেন, দিন শেষে সবচেয়ে শান্তির আশ্রয় হলো নিজের ঘর। তাই মানুষ চিরকালই চেয়েছে নিজের ঘরটিকে সুন্দর ও আরামদায়ক করে তুলতে। সময়ের সঙ্গে মানুষের জীবনযাত্রার ধরন যেমন বদলেছে, তেমনি বদলেছে ঘরবাড়ি বা অফিস সাজানোর ধরনও। আগে ইন্টেরিয়র ডিজাইন ছিল দেয়ালে রং বা আসবাব সাজানোর মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু বর্তমানে ইন্টেরিয়র ডিজাইনের ধারণা পাল্টেছে, বেড়েছে ব্যাপ্তিও। এটি এখন মানুষের রুচি, জীবনযাত্রা ও ব্যবহারিক চাহিদার প্রতিফলন হয়ে দাঁড়িয়েছে। আধুনিক ইন্টেরিয়রের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো এগুলো যেমন ঘরের সৌন্দর্য বাড়ায়, তেমনি জীবনকে করে তোলে আরামদায়ক ও কার্যকর।

আধুনিক ইন্টেরিয়র: ধারণা ও বৈচিত্র্য

আধুনিক ইন্টেরিয়র ডিজাইন এখন আর কেবল সাজসজ্জায় সীমাবদ্ধ নয়, বরং পুরো জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত। এখানে ব্যবহারিকতা, সৌন্দর্য, প্রযুক্তি ও পরিবেশ—সব মিলিয়ে তৈরি হয় একটি ভারসাম্যপূর্ণ নকশা।

বর্তমানে ইন্টেরিয়রে সবচেয়ে বড় ট্রেন্ড হচ্ছে মিনিমালিজম। অর্থাৎ কম আসবাব, বেশি খোলা জায়গা। প্রাকৃতিক আলো ও বাতাসের প্রবাহে গুরুত্ব দেওয়া হয়, যাতে ঘর প্রশস্ত ও স্বস্তিদায়ক হয়। পরিবেশবান্ধব উপকরণ, বায়োফিলিক ডিজাইন, স্মার্ট হোম টেকনোলজি এবং টেকসই আসবাব এখন সারা বিশ্বেই জনপ্রিয় হয়ে উঠেছে।

ইন্টেরিয়রের ধরনেও এসেছে বৈচিত্র্য। যেমন স্ক্যান্ডিনেভিয়ান স্টাইলে সাদা বা হালকা রঙের দেয়াল, প্রাকৃতিক কাঠ ও সরলতার ব্যবহার দেখা যায়। ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনে থাকে কংক্রিট, ইট, লোহা বা কাঠের খোলা ব্যবহার। আধুনিক অরগানিক স্টাইলে ঘরে আনা হয় গাছপালা, কাঠ ও মাটির মতো প্রাকৃতিক উপকরণ। আর লাক্সারি কনটেমপোরারি স্টাইলে মিনিমাল ডিজাইনের সঙ্গে যুক্ত হয় গ্লাস, মার্বেল বা মেটালিক ফিনিশিং, যা উচ্চমানের এবং পরিশীলিত।

আমারা ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়রের প্রধান নির্বাহী ও ডিজাইনার মুহাম্মদ মাহবুব শরীফ জানান, বর্তমানে বাংলাদেশে মডার্ন মিনিমালিস্ট ইন্টেরিয়র ডিজাইন ধারার প্রভাব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। তিনি বলেন, ‘এ ধারায় কম ফার্নিচার ও খোলা জায়গাকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। রঙের ক্ষেত্রে সাধারণত হালকা শেডগুলো যেমন সাদা, অফ-হোয়াইট, গ্রে বেছে নেওয়া হয়। এ ছাড়া ইন্টেরিয়র ডিজাইনে এখন মাল্টি-ফাংশনাল ফার্নিচার, ইনবিল্ট স্টোরেজ, ন্যাচারাল লাইটিং ও ভেন্টিলেশনের গুরুত্ব বাড়ছে। এ ছাড়া স্ক্যান্ডিনেভিয়ান স্টাইল, জাপানিজ জেন থিম এবং ইকো-ফ্রেন্ডলি গ্রিন ইন্টেরিয়রের ধারণাও ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে।’

বাসা বনাম অফিস: কোথায় কেমন ইন্টেরিয়র

বাসার ইন্টেরিয়রে মূলত আরামদায়ক ও পরিবারকেন্দ্রিক আবহকে অগ্রাধিকার দেওয়া হয়। উষ্ণ রং, আরামদায়ক আসবাব ও নরম আলো এখানে মানানসই। অন্যদিকে অফিসে প্রোডাকটিভিটি বাড়ানোর মতো পরিবেশ তৈরি করতে হয়। খোলা স্পেস, মিটিং রুম, সঠিক লাইটিং, সাউন্ড প্রুফিং ও প্রযুক্তিনির্ভর নকশা এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়।

স্পেস ম্যানেজমেন্ট ও উপকরণ নির্বাচন

আজকের শহুরে জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পর্যাপ্ত জায়গার অভাব। তাই স্পেস ম্যানেজমেন্ট ইন্টেরিয়রের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। অনেকেই এখন ব্যবহার করছেন মাল্টিফাংশনাল আসবাব। যেমন এখন সোফা ও বেড একসঙ্গে পাওয়া যায়, যেগুলো প্রয়োজন অনুসারে সোফা হিসেবেও ব্যবহার করা যায় আবার বেড হিসেবেও ব্যবহার করা যায়। খোলা লে-আউটের প্রবণতাও দিন দিন বাড়ছে, যেখানে দেয়াল কমিয়ে বড় লিভিং স্পেস তৈরি করা হচ্ছে। উপকরণের ক্ষেত্রেও এসেছে বৈচিত্র্য। কাঠ, ধাতু, কাচ, প্রাকৃতিক ফাইবার, এলইডি লাইট, সাউন্ডপ্রুফ প্যানেল, ডাবল-গ্লেজড উইন্ডো—সবই এখন আধুনিক ইন্টেরিয়রের অংশ। পরিবেশবান্ধব ও রিসাইকেলড উপকরণ ব্যবহারে অনেকে অগ্রাধিকার দিচ্ছেন। একই সঙ্গে বাড়ছে পোর্টেবল ইন্টেরিয়রের জনপ্রিয়তা।

মুহাম্মদ মাহবুব শরীফ বলেন, শহরগুলোতে দেখা যায়, অনেকেই ভাড়া বাসায় থাকেন। এ কারণেই মূলত পোর্টেবল ইন্টেরিয়র জনপ্রিয় হচ্ছে। তবে পোর্টেবল ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে গ্রাহকদের বেশ কিছু বিষয় মাথায় রাখা উচিত। পোর্টেবল মানেই সহজে এক স্থান থেকে অন্য স্থানে বহনযোগ্য। তাই খেয়াল রাখতে হবে, ফার্নিচারগুলো যেন হালকা, মজবুত ও টেকসই হয়। একটি ফার্নিচার একাধিক কাজে ব্যবহার করা যায় কি না, সেদিকেও খেয়াল রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এগুলো ভবিষ্যতে সহজে খুলে প্যাক করে নেওয়া যাবে কি না।