মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষ একে-অপরকে রক্ষা করলেও এখন নিশ্চিহ্ন করতে উঠেপড়ে লেগেছে। বস্তুত রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত বিভেদের কারণে তারা এক ‘বারুদের স্তূপের’ ওপর দাঁড়িয়ে আছে। বর্তমানে সমাজ আরও বিভাজনের দিকে চলে গেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে সামাজিক সম্প্রীতি সংলাপে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে আয়োজিত এ সংলাপে রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উন্নয়নকর্মীরা বক্তব্য দেন।
সংলাপে দি হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর বদিউল আলম মজুমদার বলেন, ‘মূলত তিনভাবে সামাজিক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। তা হচ্ছে বিভাজনের রাজনীতি, ধর্মীয় অসহিষ্ণুতা ও জাতিগত বিভেদ। মুক্তিযুদ্ধের সময় আমরা একে অপরকে রক্ষা করলেও এখন নিশ্চিহ্ন করতে উঠেপড়ে লেগেছি।’ তিনি বলেন, ‘বস্তুত রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত বিভেদের কারণে আমরা এক বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছি। তাই আমাদের সবার ঐকান্তিক প্রচেষ্টা হওয়া উচিত, নিজেদের মধ্যে সম্প্রীতি বাড়ানো। এর বিকল্প নেই।’
এ সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, ‘পাকিস্তান আমলে সম্প্রীতি রক্ষা করতে এ রকম আলোচনা অনুষ্ঠান করতে হয়নি। স্বাধীনতার ৫০ বছর পর এসে এখন করতে হচ্ছে। পাকিস্তান আমলে শাসক ছিল স্বৈরাচারী, রাষ্ট্র ছিল সাম্প্রদায়িক, কিন্তু মানুষ ছিল অসাম্প্রদায়িক। ধর্ম ছিল যার যার ব্যক্তিগত বিশ্বাস। আমরা পরিচিত হতাম বাঙালি হিসেবে। কিন্তু স্বাধীন দেশে এর বিপরীত হচ্ছে।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে ৩০টির বেশি জেলায় পূজামণ্ডপে আঘাত আসতে দেখেছি। দুঃখজনক হলো মণ্ডপ রক্ষার্থে সাধারণ মানুষের মধ্যে কেউ এগিয়ে আসেনি। বর্তমানে দেশের সব জায়গায় আওয়ামী লীগের পক্ষের লোক পাওয়া যায়। কিন্তু আওয়ামী লীগের কোনো মেম্বার, কাউন্সিলর বা নেতাকে এক-দুই শ অনুসারী নিয়ে মণ্ডপ রক্ষার্থে এগিয়ে আসতে দেখিনি।’
সব মানুষের জন্য একটি বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হলেও এ দেশ সব মানুষের হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। তিনি বলেন, এ দেশ সংখ্যালঘুদের হয়নি, গরিবদের হয়নি, নিঃস্বদের হয়নি। উল্টো দেখা যাচ্ছে, দেশ হয়েছে কিছু লুটেরার। শক্তিশালী হয়েছে মৌলবাদী গোষ্ঠী। আর এর সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে নারী। সমাজ বর্তমানে আরও বিভাজনের দিকে চলে যাচ্ছে।
সংলাপে সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম বলেন, ‘আমাদের সবকিছু তৈরি হয়ে আসে ঘর থেকে। তাই সামাজিক সম্প্রীতি বিনির্মাণ আমাদের শুরু করতে হবে একদম ঘর থেকেই। মা–বাবা আমাদের সবচেয়ে বড় শিক্ষক। তাঁদেরও এগিয়ে আসতে হবে ও যথাযথ ভূমিকা রাখতে হবে। সর্বোপরি আমাদের সবার প্রচেষ্টার মধ্য দিয়েই সমাজে শান্তি, সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে।’
সম্প্রীতি সংলাপে আরও বক্তব্য দেন ফ্রিডম অব রিলিজিওন অব বিলিফ লিডারশিপ নেটওয়ার্কের (ফোর্ব) কান্ট্রি ডিরেক্টর শাহনাজ করীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইসলামিক ফাউন্ডেশনের উপপ্রকল্প পরিচালক (প্রশাসন) মুহাম্মদ রফিক-উল ইসলাম, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পরিচালক (কর্মসূচি) নাছিমা আক্তার প্রমুখ।