চনপাড়ায় আবারও সংঘর্ষ, একজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ জেলার মানচিত্র

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ মঙ্গলবার অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে পুলিশ।

গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম হৃদয় হাসান (২২)। তিনি চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর গলির আবদুল জলিলের ছেলে। চনপাড়ায় তাঁর একটি খাবার দোকান রয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই সংঘর্ষের ঘটনায় আহত অপর ১০ জনের নাম ও পরিচয় জানা যায়নি। তাঁরা স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য বজলুর রহমানের মৃত্যুর পর গত ১২ জুন ওয়ার্ডটিতে উপনির্বাচন হয়। নির্বাচনে চনপাড়ার মাদক সাম্রাজ্যের একাংশের নিয়ন্ত্রক শমসের আলী বিজয়ী হন। ওই নির্বাচনে তৃতীয় হন চনপাড়ার অপরাধ সাম্রাজ্যের আরেক নিয়ন্ত্রক জয়নাল আবেদিন। নির্বাচনের পর ২৩ জুন শমসের আলীর সমর্থকেরা বিজয় মিছিল বের করেন। বিজয় মিছিল শেষে শমসের আলীর অনুসারী মো. রায়হান জয়নাল আবেদিনের দুই অনুসারী মো. বাবলু ও মো. হাসান নামের দুজনকে গুলি করেন। এ ঘটনায় রায়হান অস্ত্রসহ গ্রেপ্তার হন।

সেই ঘটনার জেরে গত রোববার রাতে শমসের আলীর আরেক অনুসারী মো. শাওনের সঙ্গে জয়নাল আবেদিনের তর্ক ও পরে পাল্টাপাল্টি ধাওয়া হয়। গত রোববারের ঘটনার জেরে গতকাল সকাল থেকেই চনপাড়ায় দুই পক্ষ মহড়া দেয়। পরে গতকাল রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন হৃদয়। এ ছাড়াও সংঘর্ষে নিজেদের অন্তত ১০ জন অনুসারীর আহত হওয়ার কথা জানিয়েছেন শমসের আলী ও জয়নাল আবেদিন। তবে তাঁরা তাঁদের পরিচয় জানাতে পারেননি। গুলিবিদ্ধ হৃদয়কে উভয় পক্ষই নিজেদের লোক বলে দাবি করছে।

তবে গুলিবিদ্ধ হৃদয় হাসানের বাবা আবদুল জলিল প্রথম আলোকে বলেন, ‘হৃদয় কোনো পক্ষেরই লোক নয়। সে একজন হোটেল ব্যবসায়ী। রাতে দুই পক্ষের মারামারি শুরু হলে হৃদয় হোটেল বন্ধ করে বাড়ি ফিরছিল। এ সময় সে গুলিবিদ্ধ হয়। পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি।’

নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন বলেন, দুদিন ধরে চনপাড়া কিছুটা উত্তপ্ত ছিল। এরই মধ্যে রাতে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। এ সময় একজন গুলিবিদ্ধ হয়েছেন। ওই ঘটনার পর আজ ভোর থেকে চনপাড়ায় অভিযানে নামে পুলিশ। এ সময় ওই সংঘর্ষে জড়িত সন্দেহে ১৪ জনকে আটক করা হয়। এ ছাড়া মাদকের দুটি বড় স্পট গুঁড়িয়ে দেওয়া হয়।

এর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১১ ও ৩০ এপ্রিল এবং গত ৯ ও ১০ মে শমসের আলী ও জয়নাল আবেদিনের অনুসারীদের মধ্যে বড় সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত এবং ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। প্রতিটি সংঘর্ষেই আগ্নেয়াস্ত্র ও বোমা বিস্ফোরণের কথা জানিয়েছেন স্থানীয় ব্যক্তিরা। এসব সংঘর্ষের জেরে ১ ও ১০ মে নারায়ণগঞ্জ জেলা পুলিশ চনপাড়ায় বড় দুটি অভিযান চালিয়েছে। এ সময় অন্তত ১৮ জনকে গ্রেপ্তার এবং মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।