তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ তারুণ্যে ভরপুর একটি দেশ। দেশের জনসংখ্যার বড় অংশই তরুণ ও যুবক। শুধু সংখ্যাতেই নয়, সমাজ পরিবর্তনেও তাঁদের ভূমিকা অনেক বেশি। কয়েক বছর ধরে বাংলাদেশের তরুণ ও যুবকেরা অর্থনীতি, রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্যসহ প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য লাভ করছেন। নিত্যনতুন উদ্যোগের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

‘আন্তর্জাতিক যুব দিবস’ উপলক্ষে ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্ম ‘আমরা নতুন নেটওয়ার্ক’ আয়োজিত এক অনলাইন আয়োজনে এসব কথা বলেন বক্তারা। গত শুক্রবার (১২ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানটিতে প্যানেলিস্ট বক্তারা আরও বলেন, আজকে যখন একজন ২০ থেকে ২৫ বছর বয়সী তরুণ বা তরুণী নতুন একটা ব্যবসা চালু করতে চান, তখন তাঁকে শুনতে হয়—তুমি ব্যবসার কী জানো? এই বয়সে কেন ব্যবসা করতে চাচ্ছ? ইত্যাদিসহ নানা প্রশ্ন।

অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ‘টেন মিনিট স্কুল’–এর পরামর্শদাতা, লেখক ও ইউটিউবার সাকিব বিন রশিদ আয়োজনে সঞ্চালনা করেন। প্যানেল ডিসকাশনের বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান। তিনি বলেন, তারুণ্যের কোনো বয়স নেই। বয়সের তারুণ্যের চেয়ে মনের তারুণ্যই আসল। যে দেশের জন্য কিছু করতে চান, মানুষের কথা ভাবেন, সে-ই তরুণ। সবচেয়ে বড় কথা হলো, চিন্তাভাবনা করতে হবে তরুণদের মতো। অনেকেই আছে বয়সে ছোট কিন্তু চিন্তাভাবনায় প্রাপ্তবয়স্ক মানুষের মতো।

শরিফুল হাসান আরও বলেন, তরুণেরা এগিয়ে এলেই এগিয়ে যাবে দেশ। কারণ, তরুণদের মধ্যে রয়েছে অদম্য প্রাণশক্তি। তাঁরা নতুন কিছু দেখলেই সেটা জয় করতে চান। তরুণেরা যেন ভালো ভালো কাজ করতে পারেন, দেশের নীতিনির্ধারকদের সেই ক্ষেত্রগুলো তৈরি করে দিতে হবে।

স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিদ্যানন্দ ফাউন্ডেশনে’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কিশোর কুমার দাস বলেন, ‘তরুণ আর তারুণ্য—দুটি আলাদা জিনিস। একটা নির্দিষ্ট বয়সের মানুষকে আমরা তরুণ বলি। কিন্তু তারুণ্য সব বয়সী মানুষের মধ্যে থাকতে পারে। তাই তরুণদের চেয়ে তারুণ্যটাই গুরুত্বপূর্ণ। তরুণ ও তারুণ্যের মিশেলে যদি কাজ করা যায়, তাহলে সেই কাজ দেশ ও মানুষের জন্য ভালো হবেই।’

আয়োজনে তারুণ্যের নানা সম্ভাবনা ও প্রতিবন্ধকতাগুলো নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বয়সের কারণে তরুণদের ব্যবসা করতে গিয়ে কী কী সমস্যার মুখোমুখি হতে হয়, তা–ও তুলে ধরা হয়। এ সময় প্যানেলিস্ট বক্তারা বলেন, কোনো তরুণকে যখন প্রশ্ন করা হয় ‘তুমি কী জানো?’ বা ‘তুমি কী পারো?’—এটি কিন্তু উন্নয়নের বিরুদ্ধে।

একই সঙ্গে তরুণদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধাও। যে বয়সে যুক্তরাষ্ট্রের একজন তরুণ ফেসবুকের মতো বড় একটি প্রতিষ্ঠান খুলতে পারেন, সে বয়সে আমাদের দেশের একজন তরুণ টি-শার্টের ব্যবসা শুরু করতে গেলে পরিবারের লোকেরাই বলেন—তোমাকে দিয়ে হবে না। তুমি ছোট মানুষ, পারবে না। এই বাধা পারিবারিক, সামাজিক, রাজনৈতিকসহ নানাভাবে আসতে থাকে। তরুণেরা পৃথিবীর ভবিষ্যৎ। তাঁদের সঠিক পথে পরিচালিত করা সমাজের দায়িত্ব। তরুণদের কাজ করার একটি উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। সমস্যাগুলো খুঁজে বের করে সেগুলো সমাধান করতে হবে।

বিশেষ এই আয়োজনে প্যানেলিস্ট বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন ‘মনের ইশকুলে’র সহপ্রতিষ্ঠাতা রাগিব শাহারিয়ার আলম, ফায়রুজ, ‘ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্মে’র মো. হানিফ, মো. ফারহান, সুজয় শ্যাম, দীপিকা রায় চৈত্রী রানী দাশ এবং ‘ইকো নেটওয়ার্কে’র প্রতিষ্ঠাতা শামীম আহমেদ মৃধা। এ ছাড়া অনলাইনে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের লামিয়া তানজিন ও ‘অশোকা’র উদ্যোক্তা ইয়াশভীর।
*লেখক: তারিকুর রহমান খান