কওমি মাদ্রাসাগুলোকে শ্বাসরুদ্ধকর অবস্থায় রাখা হয়েছে: হেফাজত আমির
দেশের সংকট দূর করতে আলেমদের ঐক্যবদ্ধ কর্মসূচি নিয়ে মাঠে নামতে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে আহ্বান জানিয়েছেন নেতারা। তাঁরা বলেছেন, বহুমুখী সংকটের কারণে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। দেশের বিভিন্ন কারাগারে বন্দী আলেমদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ২০ আগস্ট দেশব্যাপী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন তাঁরা।
আজ শনিবার সকালে রাজধানীর গুলিস্তানের কাজী বশির উদ্দিন মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে শায়খুল হাদিস পরিষদ। সম্মেলনে ঢাকাসহ সারা দেশ থেকে আসা হাজারো আলেম-ওলামা মিলনায়তনের ভেতরে ও বাইরে অবস্থান নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় শায়খুল হাদিস পরিষদ।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী লিখিত বক্তব্যে বলেন, কঠোর গোয়েন্দা নজরদারি ও প্রশাসনিক চাপ প্রয়োগ করে দেশের কওমি মাদ্রাসাগুলোকে শ্বাসরুদ্ধকর অবস্থায় রাখা হয়েছে। খুতবা ও ওয়াজ-মাহফিল নিয়ন্ত্রণ করার বারবার চেষ্টা হয়েছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় ও নাগরিক স্বাধীনতাও খর্ব করা হয়েছে। সরকারের এই নির্দয় আচরণ যে রাজনৈতিক প্রতিহিংসাপ্রসূত, এটি সুস্পষ্ট আইনি অধিকার হরণ এবং মানবাধিকারের লঙ্ঘন।
মুহিব্বুল্লাহ বাবুনগরী আরও বলেন, দীর্ঘ প্রায় দুই বছর ধরে মিথ্যা ও সাজানো মামলায় মামুনুল হক, মুনীর হোসাইন কাসেমী, নূর হোসেন নূরানী, মাহমুদুল হাসান গুনবী, রফিকুল ইসলাম মাদানীসহ আরও অনেক আলেম কারাগারে আছেন। আদালত থেকে জামিন পাওয়ার পরও তাঁরা মুক্তি পাচ্ছেন না। নতুন মামলা দিয়ে আটকে রাখা হচ্ছে। ওলামায়ে কেরাম ও বৃহত্তর ইসলামি জনতার সমর্থন হারিয়েছে সরকার। সরকারের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, বল প্রয়োগের মাধ্যমে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেবেন না। সমঝোতার মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান করুন।
সম্মেলনে স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক হাসান জুনাইদ। যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মুমিন ও এহসানুল হকের যৌথ পরিচালনায় এতে সভাপতিত্ব করেন শায়খুল হাদিস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুল হক। সকাল সাড়ে আটটায় কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনটি শুরু হয়।
মাহফুজুল হক বলেন, ‘প্রকৃতপক্ষে আমরা সবাই বন্দী। আমরা ওলামা মাশায়েখ ও সাধারণ মানুষের কাছে গিয়ে দেখেছি, তাদের হৃদয়ে আগুন জ্বলছে। যদি অতি দ্রুত আলেমদের মুক্তি না দেন, তাহলে তাদের হৃদয়ের আগুনে আপনারা পুড়ে যাবেন।’
সম্মেলনে আরও বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি খালেদ সাইফুল্লাহ সাদী, বেফাক সহসভাপতি আবদুল হক, জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মুহাম্মাদ আলী, হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস আশরাফ আলী নিজামপুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব জালালুদ্দিন আহমাদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আহমদ আলী কাসেমী, খেলাফত আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মজিবুর রহমান হামিদী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের প্রমুখ।