চট্টগ্রাম-৪: বিএনপির প্রার্থী আসলাম ভোটে লড়তে পারবেন, তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশ নয়

সুপ্রিম কোর্টফাইল ছবি

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী ও যমুনা ব্যাংক পৃথক লিভ টু আপিল ও আবেদন করে। লিভ মঞ্জুর হওয়ায় এখন আপিলের ওপর শুনানি হবে।

আদেশের পর আনোয়ার সিদ্দিকীর জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আপিল বিভাগ লিভ মঞ্জুর করেছেন। আদালত বলেছেন, আসলাম চৌধুরী নির্বাচন করতে পারবেন। কিন্তু ফলাফলটা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে, ফলাফল প্রকাশ হবে না।’

এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ৩ জানুয়ারি আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন। তবে তাঁর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশনে (ইসি) আপিল দায়ের করা হয়েছিল। জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী অভিযোগটি করেছিলেন। সংশ্লিষ্ট ব্যাংকও পৃথক আপিল করে।

শুনানি নিয়ে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) আনোয়ার সিদ্দিকী ও ব্যাংকের আপিল খারিজ করে। ফলে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল থাকে।

ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে আনোয়ার সিদ্দিকী ও ব্যাংক পৃথক রিট করেন। শুনানি নিয়ে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট রিট খারিজ করে দেন। এর ফলে প্রার্থিতা বহাল থাকে আসলাম চৌধুরীর।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আনোয়ার সিদ্দিকী ও সংশ্লিষ্ট যমুনা ব্যাংক আপিল বিভাগে আবেদন করে, যা গত ২৯ জানুয়ারি চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। সেদিন চেম্বার আদালত আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।

এর মধ্যে হাইকোর্টের আদেশের প্রত্যায়িত অনুলিপি পেয়ে আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন। এই লিভ টু আপিল ও ব্যাংকের করা আবেদনের ওপর গতকাল সোমবার শুনানি শেষে আজ আদেশ দেন আপিল বিভাগ।

আদালতে আনোয়ার সিদ্দিকীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন; সঙ্গে ছিলেন আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।

আসলাম চৌধুরীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও মো. রুহুল কুদ্দুস শুনানি করেন। যমুনা ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির।