দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমানকে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন থেকে তিনি পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টার পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করবেন।

১২ মার্চ জারি করা মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী এই দায়িত্ব পুনর্বণ্টন করেছেন।

এর আগে ৪ মার্চ প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার মধ্যে দুজনের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছিল। তাঁদের মধ্যে নজরুল ইসলাম খানকে রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি কৃষি মন্ত্রণালয় এবং রুহুল কবীর রিজভী আহমেদকে রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (মির্জা আব্বাস) রাজনৈতিক উপদেষ্টা হিসেবে রয়েছেন।

আরও পড়ুন

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার গঠিত হয়। এরপর আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়। এ ছাড়া বিএনপি সরকার গঠন করার পর এত দিন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি ১২ মার্চ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন। একই দিনে নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন আহমেদ আযম খান। তাঁকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা কায়সার কামাল জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। পরে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে এই মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও দেওয়া হয়।

সব মিলিয়ে এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যসংখ্যা ৪৯। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ২৩ জন। এর বাইরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা আছেন।

আরও পড়ুন