নুরুল হকের ওপর ছাত্রলীগের হামলার বিচার চায় সাদা দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুরুল হককে মারধর করেন ছাত্রলীগের নেতা–কর্মীরা। ছবিটি গতকাল বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে তোলা।
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টিএসসি এলাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও তাঁর সহযোগীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি জানিয়েছে সংগঠনটি।

গতকাল বুধবার বিকেলে এক কর্মসূচিতে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেলে টিএসসি এলাকায় নুরুল ও তাঁর সহযোগীদের বেধড়ক মারধর করে সরকারদলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগ। এ ঘটনায় আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাদা দলের আহ্বায়ক মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও আবদুস সালাম।

আরও পড়ুন

প্রতিক্রিয়ায় সাদা দলের বিবৃতিতে বলা হয়, ‘নুরুল হকসহ ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর সরকার-সমর্থক ছাত্রসংগঠন ছাত্রলীগের ন্যক্কারজনক ও বর্বরোচিত হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ, তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রতিবাদ জানাচ্ছি। মুক্তবুদ্ধি এবং স্বাধীন চিন্তা চর্চা ও লালনের প্রধান কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়।

এখানে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো নির্বিঘ্নে তাদের কর্মসূচি পালন করবে, এটিই প্রত্যাশিত। কিন্তু আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে বর্তমান আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রায় ১৫ বছর ধরে ক্যাম্পাসকে সরকার-সমর্থক ছাত্রসংগঠনের একক আধিপত্যের লালনভূমিতে পরিণত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে সহাবস্থানের ঐতিহ্য ভূলুণ্ঠিত করা হয়েছে। হলগুলোতে গেস্টরুমের নামে সাধারণ নিরীহ শিক্ষার্থীদের দুর্বিষহ নির্যাতন করা হচ্ছে।’

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বিকার ভূমিকার সুযোগে ক্ষমতাসীন দলের সমর্থক ছাত্রসংগঠন ক্যাম্পাসকে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভয়ারণ্যে পরিণত করেছে বলে অভিযোগ করেছে সাদা দল। বিবৃতিতে বলা হয়, ‘এ অবস্থা কোনোভাবেই কাম্য নয়। দ্রুত এর অবসান হওয়া প্রয়োজন। ক্যাম্পাসে সব দল-মতের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সহাবস্থান এবং মুক্তবুদ্ধির চর্চার উপযুক্ত গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে সংশ্লিষ্ট সবার সোচ্চার হওয়া এখন সময়ের দাবি। নুরুল হকসহ ছাত্র অধিকারের নেতা-কর্মীদের ওপর গতকালের সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি।’