বিশ্বাস না করলে দাওয়াত দিয়ে এত আলাপ করে খাওয়াতেন না: জাপা মহাসচিব
প্রধানমন্ত্রী জাতীয় পার্টিকে (জাপা) সন্দেহের কথা বললেও তাদের মধ্যে (আওয়ামী লীগ ও জাতীয় পার্টি) দিন দিন বিশ্বাস আরও বাড়ছে বলে দাবি করেছেন দলের মহাসচিব মো. মুজিবুল হক। বরং তিনি বলেছেন, ‘আমাদের বিশ্বাস না করলেও ভালো করে রাত্রে ভোজ দিয়েছেন। আমরা পেট ভরে খেয়েছি। কাজেই বিশ্বাস না করলে কারও বাড়িতে দাওয়াত দিয়ে এত আলাপ করে খাওয়াতেন না নিশ্চয়ই।’
আজ বুধবার দুপুরে রাজধানীর বনানীর কার্যালয়ে আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা, জাপার প্রতি সরকারপ্রধানের সন্দেহসহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুজিবুল হক এ কথা বলেন।
এ প্রশ্নের জবাবে জাপার মহাসচিব বলেন, ‘আমাদের আত্মবিশ্বাস আছে নির্বাচনে গেলে আমরা ভালো করব। তাই আমরা নির্বাচনে এসেছি। কেউ যদি বিশ্বাস না করেন, সেটা উনাদের ব্যাপার। বাট আমরা সবাইকে, বাংলাদেশের মানুষকে বিশ্বাস করি। এই এখন যে আমরা এবার তাদের (আওয়ামী লীগ) সঙ্গে সরাসরি ভোটযুদ্ধে লিপ্ত হয়েছি। ডাইরেক্ট ফাইট। নো জোট, নো মহাজোট, নো আসন বণ্টন, ডাইরেক্ট ফাইট—এই জন্য।’
আরেক প্রশ্নের জবাবে মুজিবুল হক বলেন, ‘বিশ্বাস-অবিশ্বাস—এটা যাঁরা বলেছেন, তাঁরা বুঝবেন। তবে গত রাত্রেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন নেতৃবৃন্দের সঙ্গে আমরা অনেকক্ষণ আলাপ করেছি, খোশগল্প করেছি। নির্বাচন কীভাবে হবে, ভোটাররা কীভাবে আসবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি কী হবে, প্রশাসনের-শৃঙ্খলা বাহিনীর কী ভূমিকা থাকবে, নির্বাচন কমিশনের কী ভূমিকা থাকবে, আওয়ামী লীগের কর্মীদের কী ভূমিকা থাকবে, এই সমস্ত অনেক আলোচনা করেছি।’
আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে অবিশ্বাসের বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন কি না, এমন এক প্রশ্নের জবাবে জাপার মহাসচিব বলেন, ‘আমি এই কথাটা জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করি নাই। কারণ, তাদের সঙ্গে যখন কথা হয়েছে, তাদের ব্যবহারে আমি আপ্লুত। কথাবার্তায় এত খুশি যে এই কথা জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করি নাই।’
মুজিবুল হক বলেন, ‘পার্টির মহাসচিব হিসেবে বলছি, আমরা নির্বাচনে এসেছি নির্বাচন করার জন্য, না করার জন্য নয়। আমাদের একটাই দাবি, সেটি হলো নির্বাচনের পরিবেশ এমন হতে হবে, যাতে ভোটারদের আস্থা আসে। আবারও বলি, আমরা নির্বাচন করতে এসেছি। নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য নাটক করতে আসি নাই। নির্বাচন করে ভবিষ্যতে আমরা ক্ষমতায় যাব, সেই স্বপ্নেও আমরা বিভোর। আওয়ামী লীগ বিরোধী দলে যাবে, সেই রকম চিন্তাও আমাদের মধ্যে আছে। কাজেই নির্বাচন থেকে চলে যাব কেন।’
কিছুদিন ধরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের গণমাধ্যমের সামনে আসছেন না, কেন? এমন প্রশ্নে মুজিবুল হক বলেন, ‘আসবেন না কেন। এখন আসার মতো কোনো নিড (প্রয়োজনীয়তা) তো দেখছেন না। আমিই তো চালিয়ে যাচ্ছি উনার পক্ষ থেকে।’ তিনি বলেন, ‘উনি (জি এম কাদের) নিজে বলবেন, এমন কথা বলার এখনো সময় আসে নাই, হলে অবশ্যই বলবেন।’