রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় আহত এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় দুজন বাংলাদেশি নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনের মধ্যে চারজন শঙ্কামুক্ত হলেও একজনের অবস্থা আশঙ্কাজনক।
রিয়াদের বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ উইং থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, শনিবার বেলা আনুমানিক সোয়া তিনটার দিকের ওই হামলায় বিভিন্ন দেশের মোট ১৩ জন নিহত হন, আহত হন ৩০৯ জন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন বাংলাদেশি। আহত হয়েছেন ২৭ জন বাংলাদেশি, তাঁদের মধ্যে ১১ জন সৌদি আরবে প্রবাসী কর্মী এবং ১৬ জন ওমরাহ ভিসার যাত্রী।
আহত ২৭ জন বাংলাদেশি কর্মীর মধ্যে ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল ছেড়ে গেছেন। বর্তমানে ১৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এর মধ্যে চারজন শঙ্কামুক্ত হলেও ওমরাহ ভিসায় আগত নওগাঁর বাসিন্দা সাফফাত রহমানের অবস্থা আশঙ্কাজনক।
আহত সব বাংলাদেশির সুচিকিৎসা নিশ্চিত করা এবং তাঁদের সর্বশেষ পরিস্থিতি জানতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাসের সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে।
এ ঘটনায় বাংলাদেশ থেকে আগত এবং বাংলাদেশগামী পাঁচ শতাধিক বাংলাদেশি রিয়াদ বিমানবন্দরে আটকা পড়েছিলেন। তাঁদের মধ্যে ওমরাহ পালনের উদ্দেশ্যে আগত ১৭ জনকে ম্যারিয়ট হোটেল, ২৫ জনকে র্যাডিসন ব্লু হোটেল এবং ৪০ জনকে রিয়াদে প্রিন্সেস নুরা বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে সরিয়ে আনা হয়েছে।
রিয়াদ টু ঢাকাগামী সৌদিয়া এয়ারলাইনসের বাতিল হওয়া ফ্লাইটের প্রায় ৪০০ বাংলাদেশি যাত্রীকে বিমানবন্দর কর্তৃপক্ষ, সৌদি ইমিগ্রেশন ও সংশ্লিষ্ট এয়ারলাইনস কর্তৃপক্ষের সহায়তায় দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।