ওএমএসের চাল কিনতে চার ঘণ্টা অপেক্ষা
চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার প্যারেড ময়দান। মাঠের পূর্ব পাশে সকাল থেকেই মানুষের ভিড়। খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) ট্রাক থেকে চাল কিনতে তাঁরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন।
আজ বুধবার সকাল নয়টার দিকে মাঠে ট্রাক আসার আগে এ নারী-পুরুষের পৃথক সারিতে অন্তত দেড় শ মানুষের উপস্থিতি দেখা যায়। পুরুষের সারির মাঝামাঝি দাঁড়িয়ে ছিলেন ষাটোর্ধ্ব চিন্তাহরণ দাশ। তিনি প্রথম আলোকে বলেন, সকাল সাতটার দিকে এসে সারিতে দাঁড়িয়েছেন। তাই এই জায়গায় দাঁড়াতে পেরেছেন। তা না হলে আরও পেছনে পড়ে যেতেন।
সকাল সাড়ে ৯টার দিকে মাঠে ট্রাক আসে। বেলা ১১টার দিকে চাল কিনতে সক্ষম হন চিন্তাহরণ। চাল কেনার পর পাশের ফুটপাতে দাঁড়িয়ে তাঁর সঙ্গে আবার কথা হয় প্রথম আলোর। তিনি জানান, দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে কাছের একটি বস্তিতে থাকেন। তাঁর বড় এক ছেলে আছে। তবে ছেলে আলাদা থাকে। পোশাকশ্রমিক এক মেয়ের আয়ে তাঁদের সংসার চলে। তিনি একসময় কৃষিকাজ করতেন। বয়স হয়ে যাওয়ায় এখন আর কাজ করতে পারেন না।
চিন্তাহরণ বলেন, বাজারে সবকিছুর দাম বেড়ে গেছে। দাম কম বলে ওএমএসের চাল কিনতে এসেছেন। চার ঘণ্টা দাঁড়িয়ে থেকে হলেও কম দামে চাল কিনতে পেরে তিনি কিছুটা স্বস্তি প্রকাশ করেন।
সরকারের ওএমএস কার্যক্রমের জন্য চকবাজার এলাকার দায়িত্বপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মো. জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, চাল বিক্রিতে আগের চেয়ে এখন শৃঙ্খলা এসেছে। তবে প্রতিদিনই দেখা যায়, ১০ থেকে ১৫ জন চাল ছাড়াই ফেরত যাচ্ছেন। বরাদ্দ বাড়ানো গেলে কাউকে খালি হাতে ফিরতে হতো না।
নগরে ওএমএসের ট্রাকে চাল বিক্রি শুরু হয় সকাল ৯টা থেকে ১০টার মধ্যে। তবে মানুষের অপেক্ষা শুরু হয় সকাল ৭টা বা তারও আগে থেকেই।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুসারে, এখন চট্টগ্রাম নগরের ৪১টি ওয়ার্ডের ১৪টি স্থানে ১৪টি ট্রাকে করে ওএমএসের চাল বিক্রি করা হয়। দিনে প্রতিটি ট্রাকের জন্য বরাদ্দ ২ মেট্রিক টন চাল। এ ছাড়া ২১টি ডিলারের দোকান থেকে চাল কেনা যায়। দিনে প্রতি দোকানে বরাদ্দ দেড় মেট্রিক টন চাল। ট্রাক বা ডিলারের দোকান থেকে একজন ক্রেতা ৩০ টাকা কেজি দরে প্রতিদিন সর্বোচ্চ পাঁচ কেজি চাল নিতে পারেন।
নগরের অন্তত সাতজন খাদ্য পরিদর্শকের সঙ্গে কথা হয় প্রথম আলোর। তাঁরা বলেন, প্রতিদিনই অন্তত ৭ থেকে ১৩ শতাংশ মানুষ চাল না পেয়ে ফিরে যাচ্ছেন। তাই বরাদ্দ বাড়লে সবাই চাল পাবে।