ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের নতুন ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আবুল কালাম সরকার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মো. আবুল কালাম সরকার। আগের ডিন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দেওয়ায় পদটি শূন্য হয়।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩–এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী উপাচার্য তাঁকে কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে এ নিয়োগ দিয়েছেন।
অধ্যাপক মো. আবুল কালাম সরকার ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ফারসি ও উর্দু বিভাগ থেকে ফারসি ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) এবং ২০০০ সালে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। স্নাতকে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়ায় তিনি ‘অ্যাটর্নি আলমগীর স্বর্ণপদক’ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বৃত্তি লাভ করেন। স্নাতকোত্তরে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তিনি পান ‘ড. আবেদা হাফিজ স্বর্ণপদক’।
মো. আবুল কালাম সরকার ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ফারসি ও উর্দু বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করা এই শিক্ষক ২০১২ সালে ইরান সরকারের বৃত্তি নিয়ে ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ফারসি ভাষায় উচ্চতর কোর্স সম্পন্ন করেন।
অধ্যাপক আবুল কালামের লেখা ‘বাংলাদেশে ফারসি অনুবাদ সাহিত্য ১৯৭১-২০০৫’ গ্রন্থটি কলা অনুষদের শ্রেষ্ঠ গবেষণাগ্রন্থ নির্বাচিত হওয়ায় ২০১৮ সালে তিনি ‘ডিনস একাডেমিক অ্যাওয়ার্ড ফর টিচার্স’ লাভ করেন। তিনি ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বিশ্বের বিভিন্ন দেশে অর্ধশতাধিক আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেছেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তাঁর প্রকাশিত গবেষণামূলক প্রবন্ধের সংখ্যা ৫৩।