চট্টগ্রাম নগরের শাখা সড়ক আলোকিত করার কাজে গাফিলতির অভিযোগে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) ঝুলন কুমার দাশকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এ ছাড়া উপপ্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মোরশেদুল আলমকে কর্মীদের সঙ্গে অসদাচরণের জন্য সতর্ক করা হয়েছে।
আজ রোববার চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৯তম সাধারণ সভায় কাউন্সিলরদের আলোচনার পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রামের আন্দরকিল্লায় পুরোনো নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেয়র। এতে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র, কাউন্সিলর, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরা।
সভায় অংশ নেওয়া দুই কাউন্সিলর ও দুই কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নগরের প্রধান সড়কগুলোতে সড়কবাতি স্থাপন, সংস্কার ও পরিবর্তনের কাজ চলমান থাকলেও শাখা সড়কগুলোতে এ কাজে তেমন নজর নেই বিদ্যুৎ শাখার। সভা চলাকালে বিষয়টি উপস্থাপন করেন নগরের পশ্চিম ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোবারক আলী।
মোবারক আলী অভিযোগ করেন, বিদ্যুৎ শাখার দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশকে বারবার তাগাদা দেওয়ার পরও এলাকার শাখা সড়কগুলো আলোকিত করার ব্যাপারে সহযোগিতা পাওয়া যায়নি। বিদ্যুৎ শাখা থেকে বাতি সরবরাহ না করায় অনেক শাখা সড়ক অন্ধকার থাকে। এ বিষয়ে অবহিত করা হলেও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নতুন একটি প্রকল্পের অজুহাত দেখান। ওই প্রকল্পের আওতায় প্রতিটি ওয়ার্ডে ১০ কিলোমিটার সড়কে সড়কবাতি স্থাপন করার কথা বলেন। কিন্তু বিদ্যমান ব্যবস্থায় নষ্ট সড়কবাতি পরিবর্তন ও নতুন সড়কবাতি সরবরাহের কোনো সমাধান দেননি। এ নিয়ে ওয়ার্ডের বাসিন্দাদের প্রশ্নের মুখে পড়তে হয়।
প্যানেল মেয়র মো. গিয়াসউদ্দিন এ নিয়ে কথা বলেন। পরে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ঝুলন কুমার দাশকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেন। এ বিষয়ে সচিব খালেদ মাহমুদকে পদক্ষেপ নিতে নির্দেশনা দেন। সভায় ঝুলন কুমার দাশ উপস্থিত না থাকায় উষ্মা প্রকাশ করেন মেয়র ও কাউন্সিলররা।
বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনাবিষয়ক কমিটির সভাপতি মো. মোবারক আলী। তিনি প্রথম আলোকে বলেন, সড়কবাতির বিষয়ে বিদ্যুৎ শাখা থেকে যথাযথ সহযোগিতা পাওয়া যাচ্ছে না। এ সমস্যার কথা সাধারণ সভায় উপস্থাপন করেন তিনি। মেয়র সংশ্লিষ্ট প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দিতে বলেছেন।
জানতে চাইলে ঝুলন কুমার দাশ দাবি করেন, আসলে ভুল–বোঝাবুঝি হয়েছে। বিষয়টি মীমাংসা হয়েছে। আর তিনি একটি প্রকল্পের কাজে ব্যস্ত আছেন। এ জন্য সাধারণ সভায় উপস্থিত থাকতে পারেননি। মেয়রকে তা অবহিত করেছেন।
এদিকে সিটি করপোরেশনের উপপ্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মোরশেদুল আলমের বিরুদ্ধে অধস্তন কর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠে সভায়। এ জন্য মেয়র তাঁকে সতর্ক করেন। এ ছাড়া উচ্ছেদ অভিযানের জন্য গঠিত বিশেষ দলকে ছয়টি ভাগে বিভক্ত করে তাদের পরিচালনার দায়িত্ব ছয়টি অঞ্চল প্রধানের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে অধস্তন কর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ অস্বীকার করেছেন মোরশেদুল আলম। তিনি বলেন, কী কারণে এ অভিযোগ, তা বুঝতে পারছেন না তিনি।
এদিকে সিটি করপোরেশনে সাধারণ সভা দুপুরে অনুষ্ঠিত হলে সাধারণত অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। তবে দেশের বিদ্যমান পরিস্থিতিতে ব্যয় সাশ্রয়ের জন্য রোববারের সভায় দুপুরের খাবারের কোনো আয়োজন ছিল না। শুধু নাশতা দিয়ে আপ্যায়ন করা হয়।
সাধারণ সভায় মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দরের ২০ থেকে ৩০ টনের পণ্যবাহী ট্রাক ও লরি চলাচলের কারণে নগরের সড়কগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। এ জন্য বন্দর ব্যবহারকারী পরিবহনগুলো থেকে নির্দিষ্ট হারে কর আদায় এবং কাস্টমস থেকে একটি নির্দিষ্ট হারে চার্জ আদায়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এ ছাড়া নগরে ভবন নির্মাণের নকশা অনুমোদনের বিষয়টি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ওপর ছেড়ে না দিয়ে সিটি করপোরেশনকেও দায়িত্ব দেওয়ার পদক্ষেপ নিতে হবে বলে মেয়র সভায় জানান। বিনা অনুমতি বা মেয়াদোত্তীর্ণ অনুমতিপত্র দিয়ে রাস্তা কাটা হলে ওয়াসা বা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান মেয়র।