এমটিবির ঋণখেলাপি মামলা: প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতীকী ছবি

প্রায় ৬৮ কোটি টাকার ঋণখেলাপির অভিযোগে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) করা মামলায় প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের (পিবিটিএল) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), ভারপ্রাপ্ত প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ও তিন পরিচালকসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রাজধানীর অর্থঋণ আদালত–৭–এর বিচারক মো. ফরিদ উদ্দীন গতকাল বুধবার এই আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৮ নভেম্বর গ্রেপ্তার–সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার আদালত সূত্রে এই তথ্য জানা গেছে।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ব্যক্তিরা হলেন প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহবুব চৌধুরী, ভারপ্রাপ্ত প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো. ফরিকুল হাসান, পরিচালক নাসরিন খান, পরিচালক মো. মোর্শেদ খান ও আসগর করিম।

মামলা সূত্রে জানা যায়, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড (পিবিটিএল) প্রধান ঋণগ্রহীতা ও করপোরেট গ্যারান্টার হিসেবে এমটিবি থেকে বিভিন্ন ঋণের সুবিধা গ্রহণ করেছিল। নির্ধারিত সময়ে ঋণের অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ব্যাংকটি ২০১৮ সালের ৫ জুলাই অর্থঋণ আদালতে একটি মামলা করে। ওই মামলায় ব্যাংকের পাওনা দাবি করা হয় ৬৮ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৪৪৮ টাকা ২৩ পয়সা।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে চলতি বছরের ১৩ মে আদালত ব্যাংকের পক্ষে রায় দেন। পরবর্তী সময় রায়ের ডিক্রি বাস্তবায়ন ও পাওনা অর্থ আদায়ের লক্ষ্যে গত ২৭ জুলাই ব্যাংকটি একটি অর্থঋণ জারি মামলা দায়ের করে। এই মামলার কার্যক্রম চলাকালে আদালতের রায় ও ডিক্রির দায় এড়াতে না পেরে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে এই পাঁচ ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।