‘এসো হে বৈশাখ’ গানে নতুন বছর বরণ করল ঋষিজ শিল্পী গোষ্ঠী
নতুন বাংলা বছরকে বরণ করে নিতে চিরায়ত ‘এসো হে বৈশাখ’ গানকে বেছে নিয়েছে ঋষিজ শিল্পী গোষ্ঠী। এই গানের মধ্য দিয়ে আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় শুরু হয় ঋষিজ শিল্পী গোষ্ঠীর বর্ষবরণ অনুষ্ঠান। সংগীতশিল্পী সমর বড়ুয়ার পরিচালনায় উদ্বোধনী সংগীতে অংশ নেন ঋষিজের শিল্পীরা।
এরপর গাওয়া হয় ‘আজও আছে একতারা আর নকশিকাঁথার মাঠ’ এবং ‘বাজে কী মধুর সুরে বাজে বাংলাদেশি বাঁশি’।
রাজধানী ঢাকার শিশুপার্কের সামনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বরেণ্য সংগীতশিল্পী রফিকুল আলম। অতিথি হিসেবে যোগ দিয়েছেন শিল্পী খুরশীদ আলম।
অনুষ্ঠান চলবে দুপুর ১২টা পর্যন্ত। এবার ঋষিজ শিল্পী গোষ্ঠী বর্ণবরণের ৪৩তম আসর আয়োজন করেছে। অনুষ্ঠান শুরুর আগে সকাল সাতটা থেকেই আসতে শুরু করেন দর্শক–শ্রোতারা।
গালে ‘শুভ নববর্ষ’ আলপনা এঁকে অভিভাবকের সঙ্গে অনুষ্ঠানে এসেছে দুই বোন ওয়াসফিয়া ফারুক (১১) ও জান্নাতুল ফেরদৌস (১০)।
ওয়াসফিয়া বলল, তারা খুব উচ্ছ্বসিত। এক সপ্তাহ আগে থেকে কেনাকাটা করেছে। এখানে আসার আগে রমনায় গিয়েছিল। ওখানেও গান শুনেছে।
বৈশাখী সাজে ঋষিজের অনুষ্ঠানে এসেছেন আফজান বেগম। তিনি বলেন, ‘১৯৯২ সাল থেকে ঋষিজের বর্ষবরণ অনুষ্ঠানে আসছি। আমি ফকির আলমগীরের ভক্ত। এখন তিনি নেই। কিন্তু তাঁর গান আছে। আমি এই অনুষ্ঠান মিস করি না। আজও সকাল সকাল চলে এসেছি। ভালো লাগছে আয়োজন।’
গণসংগীতশিল্পী ফকির আলমগীর সাংস্কৃতিক সংগঠন ঋষিজ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা। ১৯৮৩ সাল থেকে পয়লা বৈশাখের সকালে শাহবাগের নারকেল বীথি চত্বরে নববর্ষ উদ্যাপনের আয়োজন করে ঋষিজ। ২০২১ সাল থেকে আয়োজনটি হচ্ছে শিশুপার্কের সামনে।
এবারের আয়োজন গণসংগীতশিল্পী ফকির আলমগীরকে উৎসর্গ করেছে ঋষিজ শিল্পী গোষ্ঠী। আয়োজনের সভাপতিত্ব করেন ঋষিজ শিল্পী গোষ্ঠীর সভাপতি সুরাইয়া আলমগীর।