দুই গাছের মাঝে ঢুকে দুমড়েমুচড়ে গেল কাভার্ড ভ্যান, চালককে জীবিত উদ্ধার
পেছন থেকে একটি গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাছের মাঝখানে ঢুকে যায় একটি কাভার্ড ভ্যান। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ভেতরে গুরুতর আহত অবস্থায় আটকে পড়েন চালক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে জীবিত উদ্ধার করেন।
আজ মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর কলেজ রোড এলাকায় আলিফ কাচ্চি রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত চালকের নাম ইস্কান্দার মিয়া (৫১)। তিনি কুমিল্লার দেবীদ্বার উপজেলার বাসিন্দা।
গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে ফায়ার সার্ভিসের সদস্যরা গাড়ির ভেতরে আটকে থাকা চালককে জীবিত উদ্ধার করেন।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কাভার্ড ভ্যানটি কুমিল্লা থেকে মালামাল নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। গজারিয়ার ভবেরচর কলেজ রোড এলাকায় একটি গাড়ি পেছন থেকে সজোরে কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটি মহাসড়কের পাশের দুটি গাছের মাঝখানে ঢুকে গেলে সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মুন্সিগঞ্জ কার্যালয়ের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে ফায়ার সার্ভিসের সদস্যরা গাড়ির ভেতরে আটকে থাকা চালককে জীবিত উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাঁকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।