ডিজিটাল শিক্ষায় এলো ‘মেধাবীর সুপারনোভা’ ও ‘কিডস ব্রেন বিল্ডার’ অ্যাপ

‘মেধাবীর সুপারনোভা’ ও ‘কিডস ব্রেন বিল্ডার’ অ্যাপের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি
ছবি: সংগৃহীত

এসিআই লিমিটেড নিয়ে এসেছে শিক্ষামূলক ডিজিটাল অ্যাপ মেধাবীর সুপারনোভা ও কিডস ব্রেন বিল্ডার। সোমবার সন্ধ্যায় এসিআই মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপ দুটি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ্ দৌলা, ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা, ‘স্বপ্ন’-এর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, প্রজেক্ট লিডার মো. মনিরুজ্জামান ও বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি বলেন, অ্যাপস দুটি শিশুদের শেখা ও জানাকে আরও সহজ করে তুলবে। পড়ালেখার ব্যাপারে আগ্রহী ও কৌতূহলী করে তুলবে।

এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা বলেন, ‘এসিআই শিশুদের প্রতিভা এবং শেখার ক্ষমতা বিকাশে ভূমিকা রাখতে চায়। আমরা শেখা ও জানাকে আরও সহজ করে তুলতে এবং সমস্যা সমাধানের দক্ষতা বিকশিত করতে সৃজনশীল শিক্ষাপদ্ধতির সঙ্গে ইন্টারনেটের শক্তিকে একত্র করতে চাই।’

মেধাবীর সুপারনোভা ও কিডস ব্রেন বিল্ডার অ্যান্ড্রয়েড অ্যাপ দুটি গুগল প্লেস্টোর থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যাবে।