বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানকে দণ্ড দেওয়ার প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশে যে আইনের শাসন আছে, এ রায় তারই প্রতিফলন। প্রধানমন্ত্রীর ছেলে যদি এমন দুর্নীতি করেন, তাহলে তাঁর সাজা হওয়া উচিত। আদালতের দায়িত্ব আদালত পালন করেছেন।
আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, সাজা কার্যকরের দায়িত্ব সরকারের। তাই সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের চেষ্টা করবে সরকার। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় তারেক রহমানের ৯ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তাঁর স্ত্রী জুবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তারেক রহমানের জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন। এ ছাড়া তারেককে ৩ কোটি ও জুবাইদাকে ৩৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান আজ এই রায় দেন।
এই রায়ের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ২০০৭ সালে সেনাসমর্থিত যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, খালেদা জিয়ার নিয়োগপ্রাপ্ত মইন ইউ আহমেদের যে সরকার ছিল, সেই সরকারের আমলে (২৬ সেপ্টেম্বর ২০০৭) এই মামলা করা হয়। মামলাটি দায়েরের পর হাইকোর্ট এবং আপিল বিভাগ, অর্থাৎ সর্বোচ্চ আদালত দ্বারা এই মামলা চলবে—এমন রায়ের পর বিচারিক আদালত বিচারকাজ সম্পন্ন করে রায় ঘোষণা করেছেন।
তারেক রহমান প্রসঙ্গে অন্য এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, তিনি তো আগে থেকে সাজাপ্রাপ্ত। একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তিনি যাবজ্জীবন সাজা পেয়েছেন। আবার দুর্নীতির মামলায় হাইকোর্ট তাঁকে সাত বছর সাজা দিয়েছেন। নতুন করে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রয়োজন পড়ে না।
এ মামলার বিচারকাজ তাড়াহুড়া করে করা হয়েছে বলে বিএনপির নেতারা অভিযোগ তুলেছেন—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, একদিকে বলা হয়, দেশে বিচার হয় না। কারণ, সবকিছু মন্থরগতিতে চলে। আপর দিকে বলা হয়, বিচার দ্রুত হয়ে গেছে। স্মরণ রাখা দরকার যে যৌক্তিক তর্ক করা ভালো, কিন্তু অযৌক্তিক তর্ক করে ‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা’ করা ভালো নয়।
রাজনীতি থেকে বিএনপিকে বিতাড়িত করতে সরকার এসব করছে কি না—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিএনপিকে রাজনীতি করতে কেউ বাধাগ্রস্ত করছে না। আর আইনের শাসনের জন্য তাদের অপরাধের বিচার করা কিন্তু রাজনীতি থেকে তাদের বিতাড়িত করা নয়। আসলে এটি তাদের ভ্রান্ত ধারণা।