সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

শায়রুল কবির খানছবি: সংগৃহীত

সময়ের আলো পত্রিকার উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। আজ বৃহস্পতিবার বিকেলে বাংলামোটরে পত্রিকাটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। এ সময় প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সম্পাদক শাহনেওয়াজ করিমসহ সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান।

এর আগে দুপুরে ধানমন্ডিতে আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ শায়রুল কবির খানের খানের হাতে সময়ের আলো পত্রিকার উপদেষ্টা সম্পাদক পদে নিয়োগপত্র দেন। এ সময় আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ তানভীরুল ইসলাম, সময়ের আলোর প্রকাশক ফয়সাল আরা ফেরদৌস, সময়ের আলোর চিফ অপারেটিং অফিসার মুনিফ আম্মার, চিফ বিজনেস অফিসার এহসানুল হাবীব সাদী তাঁকে স্বাগত জানান।

নেত্রকোনায় জন্মগ্রহণকারী শায়রুল কবির খানের সাংবাদিকতা শুরু শিক্ষাজীবন থেকে, দিনকাল পত্রিকায়। নেত্রকোনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম তিনি। সাংবাদিকতার পাশাপাশি জাতীয়তাবাদী আদর্শের কর্মী হিসেবে শায়রুল কবির খান কাজ করেছেন দীর্ঘদিন। তিনি বিএনপির চেয়ারম্যানের মিডিয়া সেল এবং বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য ছিলেন।

বিভিন্ন দৈনিক ও অনলাইনে নিয়মিত লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে প্রবন্ধ লিখেছেন শায়রুল কবির খান। মুক্তিযুদ্ধের ওপরে তাঁর পরিকল্পনা ও পরিচালনায় একটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মিত হয়, যার মোড়ক উন্মোচন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

নতুন দায়িত্বভার গ্রহণ করার পর এক প্রতিক্রিয়ায় শায়রুল কবির খান বলেন, ‘আমি সাংবাদিকতা ও লেখালেখিতে নিজেকে সক্রিয় রাখতে চাই। সে জন্য আমার এই পত্রিকায় যোগ দেওয়া।’ তিনি বলেন, ‘আমার প্রত্যাশা, বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার যে কর্মযজ্ঞ শুরু হয়েছে, তা থেকে দেশের জনগণ উপকৃত হবে, গণমাধ্যম উপকৃত হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সুস্থধারার সাংবাদিকতার লক্ষ্য নিয়ে দৈনিক সময়ের আলোও এগিয়ে যাবে বলে আমার প্রত্যাশা।’