সাধারণ ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার আশঙ্কা আ.লীগের বিদ্রোহী প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ মঙ্গলবার সকালে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী সরকার
ছবি: প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের উপনির্বাচনে নৌকার ভোটার ছাড়া অন্য ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হতে পারে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। আজ মঙ্গলবার সকালে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার পুরাতন বাজার মহল্লায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে মোহাম্মদ আলী সরকার বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়ায় অযাচিতভাবে আমাকে ভয়ভীতি দেখানো হচ্ছে প্রথম থেকে। নির্বাচনী মাঠে আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। আমার আপেল প্রতীকের পোস্টার ও ব্যানার রাতের আঁধারে ছিঁড়ে ফেলা হয়েছে। মাঠপর্যায় থেকে খবর পাওয়া গেছে, নৌকার ভোটার ছাড়া কাউকে ভোটকেন্দ্রে যেতে দেওয়া হবে না। এ নিয়ে আওয়ামী লীগের নেতারা নৌকার বিভিন্ন পথসভায় বক্তব্য দিয়েছেন।’

নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে মোহাম্মদ আলী বলেন, ‘বাড়ি থেকে বের হয়ে ভোটকেন্দ্রে যাওয়া পর্যন্ত জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সব শ্রেণির মানুষ যদি ভোটকেন্দ্রে যেতে না পারেন, যদি তাঁদের ভয়ভীতি দেখানো হয়, যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব ভূমিকা পালন করে, তাহলে আমাদের নেতা–কর্মীরা তার দাঁতভাঙা জবাব দেবেন।’

অভিযোগের বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, ‘তাঁরা (বিএনপি-জামায়াত) ভোট দিতে গেলে নৌকার বিপরীতেই বেশি দেবে, এতে নৌকার ক্ষতি হবে। তবে ভোটকেন্দ্রে যেতে আমরা তাঁদের বাধা দেব না। কিন্তু আমরা তাঁদের অনুরোধ করছি, ভোট দিতে না যাওয়ার জন্য। বলছি, যেহেতু আপনাদের দল (বিএনপি-জামায়াত) ভোট বর্জন করেছে, সেহেতু আপনারাও ভোট বর্জন করুন। আমরা ভোটে জেতার জন্য এ কৌশল করতেই পারি। জোরাজুরি না করলেই হলো।’

এ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, নির্বিঘ্নে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনানুগ নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর। নির্বাচন কমিশন ‘জিরো টলারেন্স’ অবস্থানে আছে। ভোটকেন্দ্রে কোনোরকম বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।