চট্টগ্রাম আদালত থেকে আসামি পালানোয় ৭ পুলিশ প্রত্যাহার
চট্টগ্রামের আদালতের হাজতখানার সামনে থেকে মাদক মামলার এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় সাত পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম আদালত ভবনের নিচতলায় অবস্থিত জেলা হাজতখানার সামনে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যান আসামি শামসুল হক (৬০)। আগের দিন বুধবার এক হাজার ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করে চন্দনাইশ থানার পুলিশ। বিষয়টি জানাজানি হয় সোমবার।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন আজ সোমবার প্রথম আলোকে বলেন, পুলিশি হেফাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় সাত পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে ঘটনার দিনই। তাঁদের মধ্যে একজন উপপরিদর্শক (এসআই), দুজন সহকারী ট্রাফিক উপপরিদর্শক (এটিএসআই) এবং চারজন কনস্টেবল আছেন।
আবু তৈয়ব মো. আরিফ হোসেন আরও বলেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর কার কী দায়, তার ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
আদালতে পুলিশি হেফাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় গত শুক্রবার চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকের হোসাইন মাহমুদ বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, চন্দনাইশ থানা থেকে আসামিকে পাঠানোর পর বৃহস্পতিবার বিকেলে আসামিকে আদালতে হাজির করা হয়। তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে আসামিকে জেলা হাজতখানায় আনা হয়। সেখান থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়ার জন্য হাজতখানা থেকে অন্য আসামির সঙ্গে বের করা হয়। ওই সময় শামসুল হক কৌশলে পালিয়ে যান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির আজ সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আদালত থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।