ফিলিস্তিনের পক্ষে রোনালদোর ভিডিও, বিশ্বকাপের মধ্যে এমন যত গুজব

ছবি: কোলাজ

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’—ফুটবল বিশ্বকাপকে চেনানো হয় এভাবেই। সেই বিশ্বকাপের উন্মাদনা এখন বিশ্বজুড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেই তারই ঢেউ। এর মধ্যে ঘটছে গুজবেরও বিস্তার।

গত সপ্তাহজুড়ে দেশের পাঁচটি তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে মোট ১৩১টি ফ্যাক্ট-চেক প্রতিবেদন প্রকাশ করেছে। এর একটি বড় অংশজুড়ে রয়েছে ফুটবলারদের নিয়ে অপতথ্য।

মোট ১৭টি প্রতিবেদন রয়েছে এ নিয়েই। বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ অপতথ্য তৈরি হয়েছে জনপ্রিয় ফুটবলারদের উদ্ধৃতি, এআই-নির্মিত ভিডিও, পুরোনো ছবি ও সমর্থকদের আবেগকে কাজে লাগিয়ে।

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানাচ্ছেন—এমন একটি ভিডিওও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কিন্তু অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি বাস্তব নয়; কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়েছে এটি।

আলোচিত দাবিগুলোর একটি ছিল ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও নাকি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার বলে স্বীকার করেছেন। আন্তর্জাতিক ও দেশীয় কয়েকটি সংবাদমাধ্যমেও এমন খবর প্রকাশিত হয়। পরে স্বয়ং রোনালদো সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানান, তাঁর নামে প্রচারিত সাক্ষাৎকারটি সম্পূর্ণ মনগড়া।

মেসিকে নিয়ে আলজেরিয়ার ফুটবলার আইসা মান্দি বিতর্কিত মন্তব্য করেছেন বলে খবরও ছড়ানো হয়। তবে যাচাইয়ে এমন কোনো মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। ইরানের ফুটবলার মোহাম্মদ মোহেবি গোল উদ্‌যাপনের কারণে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত হয়েছেন, এমন দাবিও যাচাইয়ে ভিত্তিহীন বলে প্রমাণিত হয়।

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে জনপ্রিয় মার্কিন অ্যানিমেটেড সিরিজ দ্য সিম্পসন্সের ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের স্প্রিংফিল্ড স্টেডিয়ামে। পর্তুগালের বিপরীতে মাঠে নামবে মেক্সিকো। ট্রফি পাবে পর্তুগাল। যাচাইয়ে দেখা যায়, ১৯৯৭ সালে প্রচারিত কার্টুনটির একটি পর্বে মেক্সিকো ও পর্তুগালের মধ্যকার একটি কাল্পনিক ফুটবল ম্যাচ দেখানো হলেও সেখানে ২০২৬ সালের বিশ্বকাপ নিয়ে কিছু ছিল না।

বিশ্বকাপ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় খেলা দেখানোকে কেন্দ্র করেও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। দাবি করা হয়, ডাকসু বড় পর্দায় খেলা প্রদর্শন বন্ধের আবেদন জানিয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে ডাকসুর স্মারকলিপি ছিল ক্যাম্পাসে নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবিতে।

বিশ্বকাপের আবহে ভাইরাল হওয়া দাবিগুলোর একটি ছিল, ব্রাজিল বা আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সমর্থকের মৃত্যু। কিন্তু অনুসন্ধানে দেখা যায়, এটি পাবনায় বৃষ্টির পানি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত এক ব্যক্তির ঘটনার ছবি, যার সঙ্গে ফুটবল বা পতাকা টানানোর কোনো সম্পর্ক নেই।

পাঁচটি ফ্যাক্ট চেক প্ল্যাটফর্মে প্রকাশিত ১৩১টি প্রতিবেদনের মধ্যে রিউমর স্ক্যানার প্রকাশ করেছে ৯৬টি, ফ্যাক্টওয়াচ ১২টি, বাংলা ফ্যাক্ট ও ডিসমিসল্যাব ৮টি করে এবং দ্য ডিসেন্ট প্রকাশ করেছে ৭টি প্রতিবেদন।

বিশ্বকাপের পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে পুরোনো ভিডিওকে এখনকার দাবি করে প্রচার, ভুয়া মন্তব্যের প্রবণতাও দেখা গেছে গত সপ্তাহে। এসব নিয়ে মোট ২০টি ফ্যাক্ট-চেক প্রতিবেদন প্রকাশিত হয়।

নড়াইলের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার ২০২৩ সালের মিছিলের ভিডিওকে এখনকার দাবি করে ছড়ানো হয়েছিল। ঝিনাইদহে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মহড়ার ভিডিওটিও ছিল ২০২৪ সালে গোপালগঞ্জের বিক্ষোভের সময়কার।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সঙ্গে জড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দামের নামে একাধিক ভুয়া মন্তব্যসংবলিত ফটোকার্ডও ছড়ায় এই সময়ে।

আলোচিত ব্যক্তিদের নামে ভুয়া মন্তব্য

প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্পিকার, রাজনৈতিক নেতা থেকে শুরু করে সংসদ সদস্য, সেনাপ্রধান, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা থেকে শুরু করে সাবেক প্রেস সচিব, শিক্ষক থেকে শুরু করে ছাত্রনেতাদের নিয়ে একাধিক ভুয়া মন্তব্যও গত সপ্তাহ শনাক্ত হয়েছে ফ্যাক্ট চেকে।

এর মধ্যে অন্যতম ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে প্রচারিত একটি উদ্ধৃতি, যেখানে দাবি করা হয় তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা উঠতে পারে এবং শেখ হাসিনা দেশে ফিরতে পারেন।’ যাচাই করে এমন কোনো বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।

সংবাদমাধ্যমের আদলে ভুয়া ফটোকার্ড

সংবাদমাধ্যমের লোগো ও নকশা নকল করে তৈরি ভুয়া ফটোকার্ড ছড়ানোর প্রবণতাও অব্যাহত ছিল।

এর মধ্যে অন্যতম ছিল যমুনা টিভির আদলে তৈরি একটি ফটোকার্ড, যেখানে দাবি করা হয়, সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান বিএনপিতে যোগ দিয়েছেন। যাচাইয়ে দেখা যায়, এটি ডিজিটাল প্রযুক্তিতে সম্পাদিত ভুয়া ফটোকার্ড।

এআই ছবি দিয়ে বিভ্রান্তি

গত সপ্তাহে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ছবি নিয়েও একাধিক বিভ্রান্তিকর দাবি ছড়ানো হয়।

নারায়ণগঞ্জের আলীগঞ্জে পদ্মা রেল ভায়াডাক্টের পিলারের নিচ থেকে মাটি কাটার ভিডিও ভাইরাল হয়ে সমালোচনা তৈরি করেছে। এদিকে মাটি কাটা, পিলারে ফাটল বা পিলার বাঁকা হওয়ার দাবিতে ছড়ানো ১০টির বেশি ছবি ছড়িয়ে পড়েছে। যাচাই করে দেখা যায়, সেগুলো এআই দিয়ে তৈরি।

এদিকে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, এটি কোনো অবৈধ কাজ নয় বলে রেল কর্তৃপক্ষ স্পষ্ট করেছে। মূলত সেতু নির্মাণের সময় তৈরি অস্থায়ী সড়কের মাটি সরিয়ে জলাশয় পুনরুদ্ধার ও পরিবেশের ভারসাম্য ফেরাতেই ঠিকাদারি প্রতিষ্ঠান মাটি অপসারণ করছিল। তবু জনমনে বিভ্রান্তি এড়াতে রেলওয়ে কর্তৃপক্ষ বর্তমানে মাটি কাটা বন্ধ রেখে স্থানটি বৃক্ষরোপণের জন্য সংরক্ষণের নির্দেশ দিয়েছে।

একইভাবে ভারতের দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে আটকের দাবিতে একাধিক এআই ছবি এবং তাঁর নামে ভুয়া মন্তব্যও প্রচার করা হয়। অথচ বাস্তবে এমন কোনো ঘটনার প্রমাণ পাওয়া যায়নি।