হাসানুল হক ইনুর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন

সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল–জাসদের সভাপতি হাসানুল হক ইনুর নতুন করে তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছেছবি: সাজিদ হোসেন

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন করেছেন তাঁর আইনজীবী মনসুরুল হক চৌধুরী। যুক্তিতর্কে আইনজীবী মনসুরুল হক বলেন, ইনুর বিরুদ্ধে আনা কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। এ মামলা থেকে ইনুর খালাস চান তাঁরা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ বুধবার এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। ইনুর পক্ষে তাঁর আইনজীবী মনসুরুল হক চৌধুরী ১০ এপ্রিল যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। বুধবার নবম দিনে এসে তাঁদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলো।

আসামিপক্ষের পর যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে প্রসিকিউশন। বৃহস্পতিবারও প্রসিকিউশন এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করবে।

বুধবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ব্রিফ করে প্রসিকিউশন। ব্রিফিংয়ে প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম বলেন, আসামিপক্ষের আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপনের সময় বলেছেন, এটা গণ–অভ্যুত্থান ছিল না। এটি ছিল ‘আনরেস্ট’ (অস্থিরতা) ও ‘কনফ্লিক্ট’ (সংঘাত), যা গ্রহণযোগ্য নয়। আসামিপক্ষের আইনজীবী আদালত অবমাননাকর অনেক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।