অবহেলিত জনগোষ্ঠীকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করতে হবে: সামশুল হক চৌধুরী
জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী বলেছেন, সমাজের সকল অবহেলিত জনগোষ্ঠীকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করতে হবে। তাঁরা যেন আর পিছিয়ে না থাকে। সরকারি নানা উদ্যোগ সত্ত্বেও প্রত্যন্ত অঞ্চলে প্রজনন স্বাস্থ্য সমস্যা এখনো রয়েছে। প্রসবের ক্ষেত্রে এখনো ধাত্রী নির্ভরতা রয়েছে। বাল্যবিবাহও হচ্ছে। এসব থেকে উত্তরণে সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থাকেও এগিয়ে আসতে হবে।
বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত ‘যুব ও কিশোর-কিশোরীদের জন্য নিশ্চিত হোক যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার’ বিষয়ক দুদিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্গ্রাম নগরীর শিল্পকলা একাডেমিতে রোববার সকালে বর্ণাঢ্য র্যালি ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তিন পার্বত্য জেলা থেকে আগত নারী ও কিশোরীরা বেলুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করেন।
অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্যে বিএনপিএস–এর নির্বাহী পরিচালক রোকেয়া কবীর বলেন, অর্থনৈতিক অধিকার থেকে যেমন নারী বঞ্চিত, তেমনি নারী যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা অধিকার থেকেও বঞ্চিত। নারী ও কিশোরীরা যাতে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার স্বীকৃতি ও অধিকার পায়। নারীর মানবিক মর্যাদার প্রতি সম্মান রেখেই আমাদের এগিয়ে যেতে হবে।
বিএনপিএস–এর কর্মকর্তা শরীফ চৌহানের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন সংগঠনটির উপপরিচালক শাহনাজ সুমী, প্রকল্প ব্যবস্থাপক সঞ্জয় মজুমদার ও চট্টগ্রাম কেন্দ্রের ব্যবস্থাপক ফেরদৌস আহমদ।
উদ্বোধনী পর্বে ‘তৃণমূল উন্নয়ন সংস্থা’র সদস্যরা বাল্য বিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ করেন। বিভিন্ন অধিবেশনে চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক মো. সাখাওয়াত উল্যাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক মোস্তফা কামাল, খাগড়াছবড়ির সিভিল সার্জন মোহাম্মদ ছাবের, বান্দরবান পার্বত্য জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক অং চালু, খাগড়ছড়ির উপপরিচালক এমরান হোসেন চৌধুরী, রাঙামাটির সহকারী পরিচালক বেবী ত্রিপুরা, বান্দরবান সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক নাজনীন আহমেদ এবং রাঙামাটির মেডিকেল অফিসার এমরুল হোসেন প্রমুখ বক্তব্য দেন।
‘আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক প্রকল্পটি ইউরোপিয়ান ইউনিয়নর অর্থায়নে ও সিমাভি নেদারল্যান্ডস–এর কারিগরি সহযোগিতায় পরিচালিত হচ্ছে। তিন পার্বত্য জেলায় ১০টি স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রকল্পটির বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে। তিন পার্বত্য জেলার ১৭টি উপজেলার ৬১টি ইউনিয়নে উক্ত প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ২০১৯ সাল থেকে শুরু হওয়া পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের অধীনে ৩০০ কিশোরী ক্লাবের সদস্য সংখ্যা ১২ হাজার।