গণশুনানি ছাড়াই এক মাসের মধ্যে দুবার বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার স্বেচ্ছাচারিতার প্রকাশ ঘটিয়েছে বলে সমালোচনা করেছে বিভিন্ন দল ও সংগঠন। একই সঙ্গে বিদ্যুতের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা।
মঙ্গলবার বিদ্যুৎ বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে পাইকারি পর্যায়ে ৮ শতাংশ এবং খুচরা পর্যায়ে ৫ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এর আগে গত ১২ জানুয়ারি পাইকারি ও খুচরায় ৫ শতাংশ করে দাম বাড়ানো হয়েছিল।
বাম গণতান্ত্রিক জোট এক বিবৃতিতে বলেছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির কারণে মানুষের জীবন ওষ্ঠাগত। এর সঙ্গে বিদ্যুৎ ও গ্যাসের বারবার মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলবে।
বাম জোটের নেতারা অভিযোগ করেন, সরকার দুর্নীতি ও ভুলনীতির দায় জনগণের কাঁধে চাপাচ্ছে। একই সঙ্গে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ বাবদ হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া বন্ধ করার দাবি জানান তাঁরা।
এক মাসে তিনবার দুই ধরনের জ্বালানির দাম বাড়িয়ে সাধারণ মানুষকে খাদের কিনারে নিয়ে যাওয়া হয়েছে বলে মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘অগণতান্ত্রিক সরকার স্বেচ্ছাচারিতার প্রকাশ ঘটাল। সরকার একক সিদ্ধান্তে সব রকম জ্বালানির মূল্য বৃদ্ধি করছে।’
আবার বিদ্যুতের দাম বাড়ানোকে ‘অপরিপক্ব সিদ্ধান্ত’ আখ্যা দিয়ে ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক বলেন, জনজীবনে সংকট গভীরতর হবে। তাঁরা আশা করছেন, সরকার বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে জনগণের স্বস্তি ফিরিয়ে আনবে।
সম্মিলিত সামাজিক আন্দোলনের নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ তাঁদের বিবৃতিতে বলেছেন, অর্থনৈতিক সংকটে জনজীবন বিপর্যস্ত। বেকারত্বের পাশাপাশি দুর্নীতি, অর্থ পাচার, লুটপাট ও নৈরাজ্যে দেশের মানুষ জর্জরিত। এ অবস্থায় সরকারের গণবিরোধী সিদ্ধান্ত গণপরিবহনসহ সর্বত্র সংকটকে আরও তীব্রতর করবে।
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), খেলাফত মজলিস, বাংলাদেশ ন্যাপ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও ১৯৯০ স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলন।