জাহাজের খালি কনটেইনারে ঢুকে সিঙ্গাপুরে গিয়েও ফিরতে হলো ট্রাকচালককে
চট্টগ্রাম বন্দরে ট্রাকচালক হিসেবে প্রবেশপত্র নিয়ে ঢুকেছিলেন ২৩ বছর বয়সী লিটন মোল্যা। বন্দরে ঢুকে রেলিং বেয়ে উঠে পড়েন একটি জাহাজে। জাহাজের খালি কনটেইনারে করে সিঙ্গাপুর পর্যন্ত পাড়ি দিয়েছিলেন তিনি। তবে জাহাজ থেকে নামতে পারেননি। পানির পিপাসা লাগায় কনটেইনার ছেড়ে বেরিয়ে আসায় ওই ট্রাকচালক ধরা পড়ে যান নাবিকদের কাছে। সেখানেই তাঁকে আটক করে রাখা হয়। ১০ দিন পর গতকাল বৃহস্পতিবার রাতে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছালে লিটন মোল্যাকে হস্তান্তর করা হয় বন্দর কর্তৃপক্ষের কাছে। আজ শুক্রবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা আজ রাতে প্রথম আলোকে বলেন, ট্রাকচালক হিসেবে বন্দরে প্রবেশের অনুমতি নিয়ে লিটন গত ২৪ সেপ্টেম্বর একটি জাহাজের রেলিং বেয়ে উঠে সেখানে থাকা খালি কনটেইনারে লুকিয়ে থাকেন। পরে পানির পিপাসা লাগলে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন ও ধরা পড়ে যান। গতকাল বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে জাহাজটি চট্টগ্রাম বন্দরে ফিরে আসে। পরে বন্দর কর্তৃপক্ষ মামলা করে তাঁকে পুলিশের হাতে তুলে দেয়।
ওসি আরও বলেন, এ মামলায় আজ লিটনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জাহাজের খালি কনটেইনারে সিঙ্গাপুর যাওয়ার কথা স্বীকার করেছেন। তাঁকে রিমান্ডে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।
পুলিশ জানায়, চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের পরিদর্শক নাছির উদ্দিন আহমেদ বাদী হয়ে বিশেষ ক্ষমতা ও পাসপোর্ট আইনে বন্দর থানায় লিটন মোল্যার বিরুদ্ধে মামলা করেছেন। এতে বলা হয়, ২৪ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে লিটন তাঁর জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি ও ছবি জমা দিয়ে বন্দরের নিরাপত্তা বিভাগে জেটিতে প্রবেশের জন্য অনুমতির আবেদন করেন। যাচাই-বাছাইয়ের পর বিকেল সোয়া চারটায় তাঁকে বন্দরে প্রবেশের প্রবেশকার্ড দেওয়া হয়। ওই প্রবেশকার্ড দিয়ে লিটন ওই দিনই বিকেল ৫টা ২৩ মিনিটে সিসিটি-২ গেট দিয়ে বন্দরের ভেতর প্রবেশ করেন। রাত দেড়টায় জেটিতে নোঙর থাকা ‘এমভি হাইয়ান ভিউ’ জাহাজের পেছনের রেলিং বেয়ে উঠে একটি খালি কনটেইনারে লুকিয়ে থাকেন। জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেওয়ার পর ক্ষুধা ও পানির পিপাসায় কাতর লিটন কনটেইনার থেকে বেরিয়ে আসেন। দেখতে পেয়ে নাবিকেরা তাঁকে আটক করে জাহাজের ক্যাপ্টেন হাই ফংয়ের হেফাজতে রাখেন। জাহাজটি সিঙ্গাপুর থেকে গতকাল বিকেলে চট্টগ্রাম বন্দরে আসে। লিটনকে বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে গত ১৬ জানুয়ারি চট্টগ্রাম থেকে কনটেইনারে করে মালয়েশিয়ায় চলে যায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোর রাতুল ইৃসলাম। ১৭ জানুয়ারি তাকে উদ্ধারের পর সংবাদমাধ্যমে প্রচারিত ছবি ও ভিডিও দেখে রাতুলকে শনাক্ত করেন পরিবারের সদস্যরা। এরপর তাকে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। সেখান থেকে পরিবারের সদস্যরা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নিজ বাড়িতে নিয়ে আসে তাকে। ২৯ এপ্রিল রাতুল বাড়ির পাশের একটি পুকুরে ডুবে মারা যায়।