তারেক রহমান ও জোবায়দার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৯ এপ্রিল
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আছাদুজ্জামান আজ বুধবার এ আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।
মাসুদ আহমেদ তালুকদার বলেন, এই মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক ছিল আজ বুধবার। তারেক রহমান ও জোবায়দা রহমানের পক্ষে আইনি সহায়তা দেওয়ার অনুমতি চেয়ে আদালতে তিনি আবেদন করেন। আদালত আগামী ৯ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
এর আগে গত ৫ জানুয়ারি তারেক রহমান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত।
আইনজীবী ও আদালত সূত্র জানিয়েছে, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবায়দা রহমান ও তাঁর মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরের বছর তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন জোবায়দা রহমান। চূড়ান্ত শুনানি শেষে ২০১৭ সালের ১২ এপ্রিল হাইকোর্ট আবেদন খারিজ করে রায় দেন। মামলায় আট সপ্তাহের মধ্যে তাঁকে বিচারিক আদালতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়।
এ রায়ের বিরুদ্ধে ওই বছর লিভ টু আপিল করেন জোবায়দা রহমান। সেটিও গত বছরের ১৩ এপ্রিল খারিজ করে দেন আপিল বিভাগ। এরপর বিচারিক আদালতের মামলার বিচার কার্যক্রম শুরু হয়।
২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা এবং দুর্নীতির মামলায় কারাদণ্ডে দণ্ডিত তারেক রহমান এক যুগের বেশি সময় ধরে সপরিবার যুক্তরাজ্যে অবস্থান করছেন। তাঁকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
অপরদিকে বিএনপির নেতাদের অভিযোগ, রাজনীতি থেকে দূরে রাখতে তাঁদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।