সুপ্রিম কোর্টের উভয় বিভাগে দুই দিন ভার্চ্যুয়াল পদ্ধতিতে চলবে বিচারকাজ
বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চ্যুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। সপ্তাহের অন্যান্য কার্যদিবসে শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালিত হবে।
সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধান বিচারপতির আদেশ অনুসারে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা বিজ্ঞপ্তিটি আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভার্চ্যুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে।
সপ্তাহের অন্যান্য কার্যদিবসে (রবি থেকে মঙ্গলবার) শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, এই নির্দেশনা ২২ এপ্রিল (আগামীকাল বুধবার) থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম চালু রাখার দাবি
সপ্তাহের প্রতি কার্যদিবসেই আইনজীবীদের শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম চালু রাখার দাবি জানিয়েছেন আইনজীবীরা।
দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি জানান একদল আইনজীবী। মানববন্ধনের ব্যানারে লেখা ছিল ‘আয়োজনে: সুপ্রিম কোর্ট বারের সদস্যবৃন্দ’।
মানববন্ধনে আইনজীবী তৈমুর আলম খন্দকার, মোকছেদুল ইসলাম, মোহাম্মদ মাহবুবুর রহমান খান, চঞ্চল কুমার বিশ্বাস ও ইয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।