রোড সেফটি ফাউন্ডেশনের গবেষণা
গ্রামীণ সড়কে দুর্ঘটনায় শিশুমৃত্যু বেশি
রাস্তা পারাপার ও রাস্তা ধরে হাঁটার সময় যানবাহনের চাপায় বা ধাক্কায় সবচেয়ে বেশি শিশুর মৃত্যু।
দেশে ২০২২ সালে সড়ক দুর্ঘটনায় ১ হাজার ১৪৩ শিশু নিহত হয়েছে, যাদের বয়স ৩ মাস থেকে ১৭ বছর। গত চার বছরের মধ্যে এ সংখ্যা সর্বোচ্চ। বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের গবেষণায় এ চিত্র উঠে এসেছে।
গবেষণায় দেখা গেছে, সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয় গ্রামীণ সড়কে। বিভিন্ন সড়কের মধ্যে ৪২ শতাংশই হয়েছে গ্রামীণ সড়কে।
দেশে ২০১৯ সালে ৬০০-এর বেশি শিশু সড়ক দুর্ঘটনায় মারা গেছে। পরের দুই বছরে এ সংখ্যা বেড়েছে। তবে গত বছর সংখ্যা হাজার ছাড়িয়েছে। নয়টি জাতীয় ও আঞ্চলিক দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
গবেষণায় দেখা গেছে, রাস্তা পারাপার ও রাস্তা ধরে হাঁটার সময় যানবাহনের চাপায় বা ধাক্কায় সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে। আর এ ধাক্কা দেওয়া যানবাহনের মধ্যে বেশি আছে সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক। আবার অটোরিকশা ও ইজিবাইকের যাত্রী হিসেবেও শিশুর মৃত্যুর সংখ্যা বেশি।
গ্রামীণ সড়কে দুর্ঘটনায় ৪৭৭ শিশু নিহত
দেশে চার ধরনের সড়ক আছে। এগুলো হলো মহাসড়ক, আঞ্চলিক সড়ক, গ্রামীণ সড়ক ও শহরের সড়ক। এর মধ্যে গ্রামীণ সড়কের আয়তন সবচেয়ে বেশি।
স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দেশের গ্রামীণ সড়কগুলো নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে। দেশে ৩ লাখ ৩৯ হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক আছে বলে এলজিইডির রোড সেফটি ইউনিট সূত্রে জানা যায়।
গ্রামীণ সড়কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় উপজেলা সড়ক। দেশে উপজেলা সড়ক আছে ৩৭ হাজার কিলোমিটার। আর ইউনিয়ন সড়ক আছে ৪২ হাজার কিলোমিটার।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছর গ্রামীণ সড়কে দুর্ঘটনায় ৪৭৭টি শিশু নিহত হয়েছে। এরপর আঞ্চলিক সড়কে মৃত্যু হয়েছে ৩১৯ শিশুর। মহাসড়কে নিহত হয়েছে ১৮৪ শিশু আর শহরের সড়কে মারা গেছে ১৪৯ শিশু।
গ্রামীণ সড়কে দুর্ঘটনার প্রবণতা এবং এতে প্রাণহানির বিষয়টি আলোচিত হচ্ছে। তবে দুর্ঘটনা রোধে তেমন উদ্যোগ চোখে পড়ে না। এ সড়ক নির্মাণ ও তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠান এলজিইডির এ ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ নেই বলেই মনে করেন সড়কবিশেষজ্ঞরা।
বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের গ্রামীণ সড়কের ওপর কর্তৃপক্ষের কোনো নিয়ন্ত্রণই নেই। এসব সড়কের পাশে কোথায় কীভাবে স্থাপনা হতে পারবে, এর কোনো আইন বা নিয়ম নেই। মানুষ দরজা খুলে রাস্তায় পা দিচ্ছে। বাড়িঘরের এমন অবস্থার কারণে শিশুদের খেলার জায়গা হচ্ছে রাস্তাঘাটে। সেখানে যানবাহনের বেপরোয়া চলাচলে চলে যাচ্ছে শিশুর প্রাণ।’
গ্রামীণ সড়কগুলোর বেশির ভাগই বসতবাড়িঘেঁষা। আবার এই সড়কের যানবাহনগুলো কোনো নিয়মনীতি মেনে চলে না। সড়ক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও থাকে না।
গ্রামীণ সড়কের নিরাপত্তাব্যবস্থা যে ঘাটতি আছে, তা স্বীকার করেন এলজিইডির রোড সেফটি ইউনিটের ফোকাল পারসন দেওয়ান আবদুস সবুর। তিনি প্রথম আলোকে বলেন, কিছু ক্ষেত্রে ত্রুটিপূর্ণ সড়ক নির্মাণ করা হচ্ছে। আবার সেই সঙ্গে যাঁরা এর পাশে বাড়িঘর তৈরি করছেন, তাঁদেরও সমস্যা আছে। সমস্যাটা দুই পক্ষের। কেউ কোনো স্থাপনা তৈরি করে ফেললে নানা কারণে তা উঠিয়ে দেওয়া সম্ভব হয় না।
রোড সেফটি ফাউন্ডেশন শিশুদের সড়ক দুর্ঘটনায় হতাহতের পেছনে কয়েকটি কারণ তুলে ধরে। এর মধ্যে আছে শিশু-অবান্ধব সড়ক ও সড়ক পরিবহন, শিশুদের সচেতনতার অভাব, শিক্ষাপ্রতিষ্ঠানে পরামর্শ ও প্রশিক্ষণ না থাকা, অদক্ষ ব্যক্তিদের দিয়ে যানবাহন পরিচালনা। দুর্ঘটনায় আহত হওয়ার পর অনেক শিশুই চিকিৎসার সুযোগ পায় না। ফলে মৃত্যু ও পঙ্গুত্ব বাড়ে।
দুর্ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘটে সকালে। আর বয়সের নিরিখে সবচেয়ে বেশি মারা গেছে ১৩ থেকে ১৭ বছর বয়সীরা।
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, সড়ক ও সড়ক পরিবহন খাতে অব্যবস্থাপনা এবং ট্রাফিক আইন বিষয়ে অসচেতনতার কারণে শিশুরা সড়ক দুর্ঘটনায় উদ্বেগজনক মাত্রায় হতাহত হচ্ছে।