চট্টগ্রামে পর্যটনকেন্দ্রে ভিড়, চিড়িয়াখানায় ১৭ হাজার দর্শনার্থী

চট্টগ্রাম শিশুপার্কের বিভিন্ন রাইডে চড়ে আনন্দ-উল্লাস। বিকেল ৪টায়ছবি: সৌরভ দাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের দ্বিতীয় দিনে আজ রোববার নগরের পর্যটনকেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় বেড়েছে। দুপুর থেকে পতেঙ্গা সমুদ্রসৈকতে বিভিন্ন বয়সী নারী-পুরুষেরা ভিড় করেন। এ ছাড়া নগরের অন্যান্য পর্যটনকেন্দ্রেও স্বাভাবিকের চেয়ে ভিড় বেশি ছিল। ঈদের ছুটিতে পরিবার–পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে তাঁরা ঘুরে বেড়িয়েছেন বিনোদনকেন্দ্রগুলোতে।

সবচেয়ে বেশি ভিড় ছিল নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত, চিড়িয়াখানা ও ফয়’স লেক পার্কে। পতেঙ্গা সমুদ্রসৈকতের পাশে প্রজাপতি পার্কেও ভিড় করেন নারী-পুরুষেরা। এ ছাড়া টোল সড়কের পাশে জেলা প্রশাসনের করা ফ্লাওয়ার গার্ডেন, রানি রাশমণি ঘাটসংলগ্ন সমুদ্রসৈকত এলাকাও ছিল দর্শনার্থীদের পদভারে মুখর।

ফয়’স লেক এমিউজমেন্ট পার্ক ও ওয়াটার ওয়ার্ল্ড দুটিতে ছিল আগের দিনের চেয়ে বেশি ভিড়। শনিবার ঈদের দিন ফয়’স লেকে দুই হাজারের কাছাকাছি লোকজন হয়েছিল। আজ রোববার তা চার হাজার ছাড়িয়ে যায়।

ফয়’স লেক এমিউজমেন্ট পার্কের উপমহাব্যবস্থাপক বিশ্বজিৎ ঘোষ বলেন, আজ সকাল থেকে পার্ক ও ওয়াটার ওয়ার্ল্ড খোলা ছিল। দুই জায়গায়ই লোকজন আগের দিনের চেয়ে বেশি হয়েছে।

সবচেয়ে বেশি ভিড় ছিল নগরের পতেঙ্গা সমুদ্রসৈকতে
ছবি: প্রথম আলো

ওয়াটার ওয়ার্ল্ডে ঘুরতে যাওয়া ফয়সাল আহমেদ বলেন, ‘ঈদের ছুটিতে পরিবার নিয়ে এসেছি। ছেলেমেয়েরা অনেক মজা করেছে পানিতে। এই প্রথম ওয়াটার ওয়ার্ল্ডে এলাম। ভালো লেগেছে।’

ফয়’স লেকের পাশে চট্টগ্রাম চিড়িয়াখানা। এখানে গতকাল দর্শনার্থীর সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে গেছে। এখানকার সাদা বাঘের খাঁচায় ছিল সবচেয়ে বেশি ভিড়। শিশু–কিশোর, তরুণ–তরুণীসহ সব বয়সের মানুষ ভিড় করেন চিড়িয়াখানায়।

চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর শাহদাত হোসেন বলেন, ঈদের দিন দর্শনার্থী ছিল ১৩ হাজারের মতো। আজ এখন পর্যন্ত ১৭ হাজার হয়ে গেছে। এখানে সাড়ে পাঁচ শ পশু–পাখি রয়েছে। তার মধ্যে সাদা বাঘ দেখতে মানুষের আগ্রহ বেশি।

এ ছাড়া কাজীর দেউড়ি শিশুপার্ক, আগ্রাবাদ শিশুপার্ক, কর্ণফুলী নদীর অভয় মিত্র ঘাট পারকি সৈকতসহ সব জায়গায় পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।