ব্রহ্মপুত্র থেকে ১৪১৫টি নদ-নদী পরিদর্শন শুরু করল ‘নোঙর’, নদীসম্পদ মন্ত্রণালয় দাবি
ব্রহ্মপুত্র নদ পরিদর্শনের মধ্য দিয়ে সরকারি তালিকাভুক্ত ১ হাজার ৪১৫টি নদ-নদী পর্যবেক্ষণ কাজ সূচনাকারী ‘নোঙর ট্রাস্ট’ দেশের নদীসম্পদ ও অববাহিকার কৃষি রক্ষায় স্বতন্ত্র ‘নদীসম্পদ মন্ত্রণালয়’ গঠনের দাবি জানিয়েছে। সোমবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দুটি মোটরবোটযোগে নোঙর ট্রাস্টের কর্মকর্তারা স্থানীয় সরকারি, বেসরকারি সংস্থা ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদীচী ঘাট থেকে শুরু করে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের তীর পর্যন্ত পরিদর্শন করে।
পরিদর্শন শেষে নগরীর ব্যাট-বল চত্বর সংলগ্ন ব্রহ্মপুত্রের তীরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নোঙর চেয়ারম্যান সুমন শামস বলেন, দেশে নদ-নদী রক্ষায় বিচ্ছিন্নভাবে বিভিন্ন সংস্থা কাজ করলেও কোনো সুনির্দিষ্ট অভিভাবক নেই। জনগণের অর্থ অপচয় ও সমন্বয়হীনতা রোধ এবং ব্রহ্মপুত্র নদসহ দেশের নদ-নদীগুলোর বিশাল মৎস্যসম্পদ, জলজীবন ও বিস্তীর্ণ অববাহিকার কৃষি রক্ষায় স্বতন্ত্র ‘নদীসম্পদ মন্ত্রণালয়’ গঠন আজ সময়ের দাবি।
সুমন শামস জানান, দুই দশকব্যাপী নদী ও পরিবেশ রক্ষায় নিবেদিত ‘নোঙর’ ব্রহ্মপুত্র নদ পরিদর্শনের মধ্য দিয়ে সরকারি তালিকাভুক্ত ১ হাজার ৪১৫টি নদ-নদী পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক এবং নৌপরিবহন মন্ত্রণালয় দুটিতে প্রতিবেদন প্রদানের কাজ শুরু করল। ব্রহ্মপুত্রকে মৃতপ্রায় দশা থেকে মুক্ত করতে সমন্বিত পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিদ্যা বিভাগের অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, এককালের প্রমত্ত ব্রহ্মপুত্র আজ মৃতপ্রায়। নোঙরের পরিদর্শন ময়মনসিংহের মানুষকে এ নদ রক্ষায় এগিয়ে আসতে উজ্জীবিত করেছে। কৃষি বিশ্ববিদ্যালয় নোঙরের দেশব্যাপী নদ-নদী পরিদর্শনে সহায়ক ভূমিকা পালন করবে।
ব্রহ্মপুত্র রক্ষার বিভিন্ন দিক তুলে ধরে সভায় আরও বক্তব্য দেন ‘বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন’–এর আহ্বায়ক মিহির বিশ্বাস, রাষ্ট্র সংস্কার আন্দোলনের পরিবেশ সম্পাদক ইবনুল সাঈদ (রানা), নোঙর ট্রাস্টের অন্যতম ট্রাস্টি আবদুর রাহিম প্রমুখ।