মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ

পররাষ্ট্র মন্ত্রণালয়

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুতিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে ঢাকা।

আজ রোববার এক বিবৃতিতে সরকার মদিনায় মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত এ হামলাকে ‘ইসলামের অন্যতম পবিত্র স্থানের মর্যাদার ওপর এক অগ্রহণযোগ্য আক্রমণ’ বলে অভিহিত করেছে।

বিবৃতিতে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করা হয়। এতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী যেকোনো ধরনের আগ্রাসন বা আক্রমণাত্মক পদক্ষেপ বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।

গত বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন জোট বলেছে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের মদিনায় পবিত্র মসজিদে নববির একটি বিদ্যুৎ সরবরাহকেন্দ্রে হামলা চালিয়েছে। গত মঙ্গলবার এ হামলা চালানো হয়। অবশ্য হুতিদের সামরিক বাহিনীর একটি সূত্র জোটের এ অভিযোগ অস্বীকার করেছে।

হামলায় বিদ্যুৎকেন্দ্রের একটি ট্রান্সফরমার অচল হয়ে গেছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে এতে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়নি।

আরও পড়ুন